চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত বছর আগস্টের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার, যা শতকরা হিসেবে প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। ফলে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ১৯ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন।

