সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই শোকজ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট এলাকায়। সেখানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধনে বক্তব্য রাখছিলেন মিন্টু শেখ। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরবর্তীতে তার বক্তব্যের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বশীল পদে থাকা একজন নেতার এমন স্লোগান দেওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর আগামী তিন দিনের মধ্যে মিন্টু শেখকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

