কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের প্রাগপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।
শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গটি আলোচনায় আসে। এ সময় শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে। শ্রেণিকক্ষে এই মন্তব্যের পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। প্রধান শিক্ষকের ভাষ্যমতে, শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তার বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে বলে তিনি কেবল উল্লেখ করেছিলেন।
একইদিন সকালে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনার মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৬

