প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৫। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আন্তর্জাতিক ব্যান্ডউইথ নিশ্চিত করার লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের আওতায় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে সব ধরনের যন্ত্রপাতি স্থাপন এবং সেগুলোর কার্যকারিতা পরীক্ষার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, এই প্রকল্পের ফলে দেশে ব্যান্ডউইথের কোনো সংকট থাকবে না এবং গ্রাহকরা উন্নত নেটওয়ার্ক ও নিরবচ্ছিন্ন সংযোগের সুবিধা পাবেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। বিএনপি সরকারের ১৮০ দিনের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরার অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
ডাক সেবার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার সারা দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘরকে যুগোপযোগী করার পরিকল্পনা নিয়েছে। আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, গত আম মৌসুমে ডাক বিভাগের মাধ্যমে প্রায় ৩৫০ টন আম বিদেশে পাঠানো হয়েছে। এছাড়া ডাক প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস সেবার আধুনিকায়নে প্রায় ৯০ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, রাষ্ট্রমালিকানাধীন মোবাইল অপারেটরের সেবার মান বাড়াতে ভয়েস ওভার ওয়াইফাই এবং ভয়েস ওভার এলটিই-এর মতো আধুনিক প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পাশাপাশি বিটিআরসির গ্রাহক অভিযোগ নিষ্পত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করার লক্ষ্যে একটি কর্মসূচিও শুরু হয়েছে।

