তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের (টিআরএনসি) প্রেসিডেন্ট তুফান এরহুরমান সাইপ্রাস দ্বীপে একটি দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে তুরস্কের সঙ্গে নিবিড় পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আঙ্কারায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব টার্কিক স্টেটস (ওটিএস)-এর ১৩তম রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে তিনি এই অঙ্গীকার করেন।
এরহুরমান জানান, দ্বীপটিতে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা জোরদার করাই টিআরএনসির মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন যে, তুর্কি সাইপ্রাসবাসীদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত করা এবং একটি রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়া একে অপরের পরিপূরক প্রক্রিয়া। তিনি আশা প্রকাশ করেন যে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলটি কোনো ধরনের উত্তেজনা বা বর্জনীয় নীতির পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা এবং যৌথ সমৃদ্ধির মাধ্যমে পরিচিতি লাভ করবে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও তুর্কি সাইপ্রাসবাসীদের প্রতি তুরস্কের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, তুরস্ক তাদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় বিচ্ছিন্নতা অবসানে কাজ চালিয়ে যাবে। এছাড়া, ওটিএসে টিআরএনসির পর্যবেক্ষক মর্যাদার সুযোগ কাজে লাগানো এবং অন্যান্য তুর্কি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এরদোয়ান।

