প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে লক্ষ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। আঙ্কারার মতে, এই মন্তব্যগুলো ঐতিহাসিক সত্য ও রাজনৈতিক গাম্ভীর্য বিবর্জিত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি প্রশাসনের এই ধরনের বক্তব্য মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
তুরস্কের অভিযোগ, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দায় এড়াতে ইসরায়েলি প্রশাসন মরিয়া হয়ে উঠেছে। যোগাযোগ অধিদপ্তর আরও উল্লেখ করেছে যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সহযোগীরা অভ্যন্তরীণ নির্বাচনে সুবিধা পাওয়ার লক্ষ্যে এই ধরনের সস্তা রাজনীতি করছেন। আঙ্কারার দাবি, এই ধরনের কৌশল ইসরায়েলি সমাজ, অঞ্চল কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়—কারো কাছেই গ্রহণযোগ্যতা পায় না।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটি প্রশাসন তুরস্কের অবস্থান এবং অবিচারের বিরুদ্ধে এরদোয়ানের সোচ্চার ভূমিকায় কতটা অস্থির, তা এই মন্তব্যগুলোর মাধ্যমেই স্পষ্ট হয়েছে। তুরস্ক সতর্ক করে বলেছে, ইসরায়েলের নির্বাচনি প্রচারণা এখন দায়িত্বজ্ঞানহীন নিরাপত্তা-কেন্দ্রিক পপুলিজম এবং হুমকির রাজনীতির দিকে মোড় নিচ্ছে। তুরস্ককে নতুন হুমকি হিসেবে চিত্রিত করার নেতানিয়াহু প্রশাসনের প্রচেষ্টাকেও এই সস্তা রাজনীতির অংশ হিসেবে উল্লেখ করেছে আঙ্কারা।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সতর্ক করেছে যে, অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতার জন্য উত্তেজনা বাড়ানো ইসরায়েলি সমাজসহ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিবৃতিতে আরও বলা হয়, অতীতে যেমন ছিল, তুরস্ক ভবিষ্যতেও নিপীড়কের বিরুদ্ধে এবং নিপীড়িতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। দেশটি যেকোনো মূল্যে অঞ্চলে শান্তি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবে।
একই দিনে তুরস্ক জানিয়েছে, গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জাহাজে হামলার ঘটনায় চলমান বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্য এক ইসরায়েলি বিবাদীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে।

