আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে তুরস্কের যোগাযোগ প্রধান বুরহানেত্তিন দুরান এক বার্তায় জানিয়েছেন যে, বিশ্বজুড়ে যারা অবিচার ও নিপীড়নের শিকার, তাদের পাশে দাঁড়াতে তুরস্ক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, একটি ন্যায়সংগত বিশ্ব গড়ার লক্ষ্যে তুরস্ক তার সমস্ত কূটনৈতিক সুযোগ ও সক্ষমতাকে কাজে লাগাবে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এই বার্তায় দুরান গাজার বর্তমান পরিস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, গাজায় মানবিক মূল্যবোধ চরম পরীক্ষার মুখে পড়েছে। শিশু, নারী ও নিরপরাধ বেসামরিক মানুষ যে নিদারুণ কষ্ট ভোগ করছে, তার বিরুদ্ধে বিবেক ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই এখন মানবজাতির সম্মিলিত দায়িত্ব।
বুরহানেত্তিন দুরান জোর দিয়ে বলেন, একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য নিপীড়িত মানুষের কণ্ঠস্বর শোনা, মানবিক জীবনকে সবকিছুর ঊর্ধ্বে রাখা এবং প্রত্যেকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা একান্ত প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নীতি তুলে ধরে দুরান বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে যারা অবিচারের শিকার, তাদের পাশে তুরস্কের অবস্থান অটুট থাকবে। তিনি আরও যোগ করেন, আমাদের প্রত্যাশা এমন একটি পৃথিবীর, যেখানে বন্দুকের গর্জন থেমে যাবে, আইন ও বিবেক প্রাধান্য পাবে এবং কোনো শিশুকেই যুদ্ধ, নিপীড়ন বা গণহত্যার ছায়ায় বেড়ে উঠতে হবে না।

