ইউক্রেনের জন্য ৫০০টি উন্নত প্যাট্রিয়ট পিএসি-৩ (PAC-3) ইন্টারসেপ্টর মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ২.১ বিলিয়ন ডলার (প্রায় ১.৬ বিলিয়ন পাউন্ড) মূল্যের এই ক্রয়ের সম্পূর্ণ অর্থায়ন করবে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এবং কানাডা।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই কেনাকাটার অর্থ আসবে কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদান থেকে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সাপোর্ট লোন এবং জাম্পস্টার্ট (JUMPSTART) কর্মসূচির মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত কয়েকদিন ধরেই প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের গতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। তিনি সম্প্রতি স্বীকার করেছেন যে, ইউক্রেনের প্যাট্রিয়ট মিসাইলের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জেলেনস্কির মতে, রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার জন্য বর্তমানে এটিই একমাত্র কার্যকর অস্ত্র।
জেলেনস্কি আরও জানান, গত শুক্রবার রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনের দুটি অঞ্চলে আঘাত হেনেছে। শীত মৌসুমের আগে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদার করা হয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট মিসাইলের ঘাটতি রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বছরে মাত্র ৬০০টি প্যাট্রিয়ট মিসাইল উৎপাদন করা সম্ভব। এই মিসাইলগুলো নতুন করে তৈরির পরিকল্পনা রয়েছে, যার অর্থ হলো ইউক্রেনের কাছে এগুলো দ্রুত পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। এর আগে জুলাই মাসে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে কোনো একমত হয়নি, যদিও এর তিন সপ্তাহ আগেই তিনি এমন একটি প্রস্তাব দিয়েছিলেন।

