অস্ট্রেলিয়ায় এমপি হেলেন হেইন্সকে গাড়িতে পিষে হামলা, অভিযুক্ত গ্রেফতার

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার ঘটা এই ঘটনাকে পুলিশ সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করে চালানো হামলা বা 'টার্গেটেড ইনসিডেন্ট' বলে মনে করছে।

মেলবোর্নের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর ৬৫ বছর বয়সী এই রাজনৈতিক নেত্রী বর্তমানে আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অস্ত্রোপচারের সময় তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তিকে বুধবার আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে মারাত্মক আঘাতের ঝুঁকিসহ বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত পৌঁছে দেওয়া এবং একজন সরকারি কর্মকর্তাকে আঘাত করার মতো ফেডারেল অপরাধের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়েছে ব্রেন্ডন নিউজেন্ট হিসেবে, যিনি একজন পরিবেশকর্মী।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে ওয়াঙ্গারাত্তা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার (৭.৫ মাইল) দূরে তারাউইঙ্গি এলাকার একটি বাসভবনে তল্লাশি চালানো হয়েছে।

অভিযুক্তের বাবা রড নিউজেন্ট এবং তার সঙ্গী ক্রিস্টিন কানিংহাম এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে হেলেন হেইন্সের পারিবারিক বন্ধু। এই ঘটনাকে একটি "স্তম্ভিত ও ভয়াবহ অপরাধ" হিসেবে বর্ণনা করে তারা বলেন, "হেলেন হেইন্স আমাদের স্থানীয় সম্প্রদায়ের একজন অত্যন্ত শ্রদ্ধেয়, মূল্যবান এবং ভালোবাসার মানুষ।" তারা হেইন্স ও তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান এবং ভিক্টোরিয়া পুলিশকে তদন্তে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

একই সঙ্গে ঘটনার পরপরই হেইন্সকে সাহায্য করতে এগিয়ে আসা সাধারণ মানুষ ও পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তারা।

ঘটনার সময় কাছেই অবস্থান করছিল ভিক্টোরিয়া পুলিশের একটি হাইওয়ে টহল দল। জরুরি কল পাওয়ার মাত্র আট সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় স্থানীয় একজন সেলুন কর্মী রিকি জেফ্রিস হেইন্সকে রক্ষায় এগিয়ে আসেন এবং অভিযুক্তকে তার গাড়ি থেকে টেনে বের করেন। ঘটনার বর্ণনা দিয়ে জেফ্রিস বলেন, "আমি নিজেকে বীর ভাবছি না।

মনে হয় আমি এমন এক ব্যক্তি ছিলাম যে নিরাপদ উপায়ে হস্তক্ষেপ করার সুযোগ পেয়েছিল।" তিনি আরও জানান, অন্য যারা সাহায্য করতে এসেছিলেন তারা নিজের জীবনের ঝুঁকির তোয়াক্কাই করেননি; গাড়িটির ইঞ্জিন তখনও চালু ছিল এবং গড়িয়ে চলা সেই গাড়ির সামনেই বসে পড়েছিলেন কয়েকজন।

ভিক্টোরিয়ার ইন্ডি আসন থেকে ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার জয়ী হয়ে পার্লামেন্টে যান হেলেন হেইন্স। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্ব উঠে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির জন্য পরিচিত এই নেত্রীর ওপর হামলায় পুরো অস্ট্রেলিয়াজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার হোলি ট্রিনিটি ক্যাথেড্রালে আয়োজিত বিশেষ প্রার্থনায় স্থানীয় বাসিন্দারা মোমবাতি জ্বালাতে দীর্ঘ লাইনে দাঁড়ান।

শ্রদ্ধা জানাতে আসা বাসিন্দাদের অনেককে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন যাজকরা। ওয়াঙ্গারাত্তার প্রধান সড়ক, যেখানে হেইন্সের কার্যালয় অবস্থিত, সেটি যানবাহনের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।

সেখানে জমে থাকা অসংখ্য ফুলের তোড়ার সঙ্গে থাকা একটি কার্ডে লেখা ছিল, "আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং এই বিশ্বের জন্য আলোর দিশারী হয়ে থাকুন।" ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে এবং এই বিষয়ের সঙ্গে যুক্ত অন্য কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতা হিসেবে ওয়াঙ্গারাত্তায় পুলিশের টহল ও উপস্থিতি বজায় থাকবে।

শিরোনাম :
হারমানপ্রীত ও শেফালির ফিফটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের সিরিজ জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জন্য ছয়টি বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ায় এমপি হেলেন হেইন্সকে গাড়িতে পিষে হামলা, অভিযুক্ত গ্রেফতার কঠিন সময়েই নিজের সেরাটা বের করে আনেন টেম্বা বাভুমা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও ব্লুমবার্গের বিশাল ব্যয় মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের জালিয়াতি: পাকিস্তানে আটক ১ ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথা বললেন শেখ রবিউল আলম অধিনায়কত্ব ছাড়ার পর চাপমুক্ত হয়ে ব্যাটিং উপভোগ করছেন হারমানপ্রীত মাল্টিপল স্ক্লেরোসিস হয়নি ক্রিস্টিনা অ্যাপলগেটের, জানালেন অভিনেত্রী স্মার্ট টিভিতে গোপন নজরদারির আতঙ্ক: ওয়াই-ফাই বিচ্ছিন্ন ও রিমোট কাটছেন গ্রাহকরা হারমানপ্রীত ও শেফালির ফিফটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের সিরিজ জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জন্য ছয়টি বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ায় এমপি হেলেন হেইন্সকে গাড়িতে পিষে হামলা, অভিযুক্ত গ্রেফতার কঠিন সময়েই নিজের সেরাটা বের করে আনেন টেম্বা বাভুমা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও ব্লুমবার্গের বিশাল ব্যয় মার্কিন ডাক বিভাগে ১২৬ মিলিয়ন ডলারের জালিয়াতি: পাকিস্তানে আটক ১ ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথা বললেন শেখ রবিউল আলম অধিনায়কত্ব ছাড়ার পর চাপমুক্ত হয়ে ব্যাটিং উপভোগ করছেন হারমানপ্রীত মাল্টিপল স্ক্লেরোসিস হয়নি ক্রিস্টিনা অ্যাপলগেটের, জানালেন অভিনেত্রী স্মার্ট টিভিতে গোপন নজরদারির আতঙ্ক: ওয়াই-ফাই বিচ্ছিন্ন ও রিমোট কাটছেন গ্রাহকরা