ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা তাদের আক্রমণভাগ শক্তিশালী করতে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড জশুয়া জিরকজিকে দলে ভেড়ানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছে। ক্লাবটির বর্তমান ফরোয়ার্ড মইসে কিন আরেক ইতালিয়ান ক্লাব কোমোতে চলে যেতে পারেন। মূলত কিনের সম্ভাব্য বিদায়ের পর তার শূন্যস্থান পূরণ করতেই ডাচ এই আন্তর্জাতিক তারকাকে দলে আনার চেষ্টা করছে ফিওরেন্টিনা।
ইতালীয় সংবাদমাধ্যম ক্যালসিওমেরকাতো-এর প্রতিবেদন অনুযায়ী, ফিওরেন্টিনার দলবদলের তালিকায় বেতোর চেয়ে এগিয়ে গেছেন নেদারল্যান্ডসের এই স্ট্রাইকার। চলতি গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারকে পাওয়ার সুযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
জিরকজিকে দলে নেওয়ার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নির্ভর করছে মইসে কিনের বর্তমান পরিস্থিতির ওপর, যা সম্প্রতি বেশ জটিল রূপ নিয়েছে। বুধবার সকালে ক্লাবের নির্ধারিত অনুশীলনে অনুপস্থিত ছিলেন কিন। এই শৃঙ্খলাভঙ্গের কারণে ক্লাব তাকে জরিমানা করে। অবশ্য পরবর্তীতে বিকেলে একটি একক অনুশীলন সেশনে অংশ নিতে রাজি হন তিনি।
কিনের ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে সোমবার রোমার বিপক্ষে ৪-০ গোলে হারের আগে কথা বলেছিলেন ফিওরেন্টিনার স্পোর্টিং ডিরেক্টর ফাবিও পারাতিচি। তিনি যেকোনো খেলোয়াড়ের ক্লাব ছাড়ার ক্ষেত্রে তিনটি শর্তের কথা প্রকাশ্যে জানান। এর মধ্যে তৃতীয় শর্তটি ছিল, কিনের বিকল্প হিসেবে তার সমকক্ষ বা তার চেয়েও উন্নত মানের কোনো খেলোয়াড়কে আগে খুঁজে পেতে হবে ফিওরেন্টিনাকে।

