যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আটককৃত অভিবাসীদের নিয়ন্ত্রণে এবং মারাত্মক অস্ত্রের ব্যবহার এড়াতে বৈদ্যুতিক শক দিতে সক্ষম হাজার হাজার গ্লাভস কেনার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সংস্থাটি কোনো ধরনের দরপত্র ছাড়াই ১৬.৭ মিলিয়ন (১ কোটি ৬৭ লাখ) মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় ৬,০০০টি বিশেষ গ্লাভস কেনা হবে।
'জি.এল.ও.ভি.ই.' (জেনারেটেড লো আউটপুট ভোল্টেজ এমিটার) নামের এই ডিভাইসটি সাধারণ টহল গ্লাভসের মতোই কাজ করে। তবে কর্মকর্তারা এর 'ইলেকট্রিক্যাল মোড' সক্রিয় করার পর এটি সরাসরি কারো ত্বকে স্পর্শ করলে তীব্র ব্যথাদায়ক বৈদ্যুতিক শক প্রদান করে। আইসিই-এর দাবি, এই ডিভাইসটি ব্যবহারের ফলে কর্মকর্তাদের শারীরিক শক্তি প্রয়োগের ওপর নির্ভরতা কমবে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিকল্প হিসেবে এটি কাজ করবে।
সংগ্রহ সংক্রান্ত নথিতে আইসিই উল্লেখ করেছে, কর্মকর্তাদের ওপর ক্রমবর্ধমান হুমকি ও সহিংসতার মুখে পরিস্থিতি শান্ত করার জন্য বর্তমানে তাদের কাছে এমন কোনো খালি হাতের বলপ্রয়োগের ডিভাইস নেই। তবে এই গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা, প্রশিক্ষণ ও জবাবদিহিতার ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে, যদিও নথিতে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
গ্লাভসটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'কমপ্লায়েন্ট টেকনোলজিস'-এর নির্দেশিকা অনুযায়ী, বলপ্রয়োগের আগে অভিযুক্তকে মেনে চলার জন্য পর্যাপ্ত সুযোগ দিতে হবে। সাধারণত সর্বোচ্চ ১৫ সেকেন্ড এটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৃদ্ধ, গর্ভবতী নারী, শিশু বা গুরুতর প্রতিবন্ধীদের ওপর এটি ব্যবহার না করার এবং কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এটি ব্যবহার না করার নির্দেশনা রয়েছে।
আইসিই-এর এই সিদ্ধান্ত মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এবং মানবাধিকার কর্মীদের তীব্র বিরোধিতার মুখে পড়েছে। নেভাদার সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্তোসহ ১৬ জন ডেমোক্র্যাটিক সিনেটর এই চুক্তি বাতিলের জোর দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, বেসামরিক অভিবাসীদের গ্রেফতারের সময় এ ধরনের বৈদ্যুতিক শক গ্লাভসের ব্যবহার সাংবিধানিক অধিকার লঙ্ঘন, শারীরিক নিরাপত্তা ঝুঁকি এবং অপব্যবহারের আশঙ্কা বাড়িয়ে দেয়। তারা এই গ্লাভস ব্যবহারের সুনির্দিষ্ট নিয়ম ও তদারকি প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই ক্রয়ের পক্ষে সাফাই গেয়েছে। ডেমোক্র্যাটদের এই বিরোধিতাকে 'নিন্দনীয়' এবং কর্মকর্তাদের জীবনকে ঝুঁকিতে ফেলার উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা বলে অভিহিত করেছে ডিএইচএস। তাদের মুখপাত্র জানান, অপরাধী অবৈধ অভিবাসীদের নিরাপদে গ্রেফতার ও দেশ থেকে বহিষ্কারের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা আইসিই-এর দায়িত্ব।
এই প্রযুক্তিটি মূলত স্থানীয় পুলিশ বিভাগ ও কারাগারে ব্যবহৃত হয়ে আসছিল, যা এখন কেন্দ্রীয় পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। সমালোচকরা আশঙ্কা করছেন, এর ফলে সাধারণ অভিযানেও অভিবাসীদের ওপর গোপনে নির্যাতন করা সহজ হতে পারে। উল্লেখ্য, সম্প্রতি মেইন ও টেক্সাসে আইসিই এজেন্টদের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় সংস্থাটির বলপ্রয়োগের নীতি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

