গাজায় নতুন করে সামরিক হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী তিন দেশ কাতার, মিশর এবং তুরস্ক। অবরুদ্ধ ভূখণ্ডটিতে লাগাতার হামলা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশগুলো।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “গাজায় ক্রমাগত ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান, বিশেষ করে স্বাস্থ্যসেবা কেন্দ্র, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের প্রাণহানির তীব্র নিন্দা জানাচ্ছি।”
বিবৃতিতে আরও বলা হয়, গাজার বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন।
উল্লেখ্য, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি স্থাপন ও সংঘাত কমানোর লক্ষ্যে কাতার, মিশর ও তুরস্ক দীর্ঘ দিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক চুক্তি ও আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে এই প্রাণঘাতী হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
