কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্পিনার ক্যালাম পার্কিনসনের ঘূর্ণি জাদুতে নর্দাম্পটনশায়ারকে মাত্র ৫০ রানে গুটিয়ে দিয়ে ১৫৩ রানের বড় জয় পেয়েছে ডারহাম। দ্বিতীয় ইনিংসে মাত্র ২০ রান খরচায় ৬ উইকেট নিয়ে নর্দাম্পটনশায়ারের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন পার্কিনসন। নর্দাম্পটনশায়ারের ক্রিকেট ইতিহাসে ডারহামের বিপক্ষে এটিই তাদের সর্বনিম্ন দলীয় স্কোর।
ডারহামের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে পার্কিনসনের বাঁহাতি স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি নর্দাম্পটনশায়ারের ব্যাটাররা। আক্রমণাত্মক শট খেলতে গিয়ে তারা পার্কিনসনের বলে একের পর এক উইকেট বিলিয়ে দেন। অপর প্রান্ত থেকে গতি ও সুইংয়ে দারুণ চাপ তৈরি করেন ম্যাথু পটস। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারি পটস ৭ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও বল হাতে অবদান রাখেন, ৯ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট।
এর আগে ম্যাচের শুরুতে ডারহাম তাদের প্রথম ইনিংসে ২০৫ রান সংগ্রহ করে, যেখানে ডেভিড বেডিংহাম খেলেন ৮১ রানের ইনিংস। নর্দাম্পটনশায়ারের হয়ে ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ৩৬ রানে ৪ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে নর্দাম্পটনশায়ার ২৬৩ রান তোলে। তাদের পক্ষে সেলস ৬৯ এবং জাইব ৫২ রান করেন। ডারহামের হয়ে পটস ৪টি এবং স্টোকস ৩টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ডারহাম ২৬১ রান করলে নর্দাম্পটনশায়ারের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায়। ডারহামের দ্বিতীয় ইনিংসে অ্যালেক্স লিস ৮০ রান করেন। নর্দাম্পটনশায়ারের চাহাল ডারহামের শেষ ৩টি উইকেট মাত্র ১৫ রানে তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৮৪ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। তবে চাহালের এই বোলিং পারফরম্যান্সও দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি।
এই দুর্দান্ত জয়ের ফলে টুর্নামেন্টের দ্বিতীয় স্তরের (ডিভিশন টু) টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ডারহাম। মৌসুমের আর মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে দলটির।
সংক্ষিপ্ত স্কোর: ডারহাম ২০৫ (বেডিংহাম ৮১, চাহাল ৪-৩৬) এবং ২৬১ (লিস ৮০, চাহাল ৫-৮৪) নর্দাম্পটনশায়ার ২৬৩ (সেলস ৬৯, জাইব ৫২, পটস ৪-৪৯, স্টোকস ৩-৫৮) এবং ৫০ (পারকিনসন ৬-২০)-কে ১৫৩ রানে পরাজিত করেছে।

