আসন্ন বিগ ব্যাশ লিগের (বিবিএল) জন্য বাংলাদেশি পেসার নাহিদ রানার অনাপত্তি পত্র (এনওসি) পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার জন্য অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ মেলবোর্নের একটি ফ্র্যাঞ্চাইজি নাহিদ রানার প্রতি আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক এনওসি আবেদন পাননি।
বিসিবির এক কর্মকর্তা জানান, বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে বিবিএল ফ্র্যাঞ্চাইজিগুলো রানাকে দলে নিতে আগ্রহী। তবে রানা আনুষ্ঠানিকভাবে আবেদন করলে বোর্ড সেটির বিষয়ে সিদ্ধান্ত নেবে। যদিও জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় তাকে এনওসি দেওয়ার সম্ভাবনা খুবই কম।
বোর্ড মূলত এই পেসারের ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে অত্যন্ত সতর্ক। রানা সম্প্রতি গ্রেড-২ সাইড স্ট্রেন ইনজুরি থেকে সুস্থ হয়েছেন, যার কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি। তার ইনজুরি থেকে ফেরার বিষয়টি এবং ওয়ার্কলোড ব্যবস্থাপনা বোর্ডের কাছে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
২৩ বছর বয়সী এই পেসার এই সপ্তাহের শুরুতে বোলিংয়ে ফিরেছেন। তবে তিনি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে থাকছেন না। বোর্ড প্রত্যাশা করছে, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি মাঠে ফিরবেন। এরপর অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এছাড়া আগামী বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ভারতের বিপক্ষে স্থগিত হওয়া সাদা বলের সিরিজ নিয়েও পরিকল্পনা রয়েছে বোর্ডের, যদিও ভারতের বিপক্ষে সিরিজটি জানুয়ারিতে হবে কি না তা এখনো নিশ্চিত নয়।

