প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে খাবার ও উপহার সামগ্রী বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি ভিডিও করতে গেলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও সংগঠনটির কর্মীদের বাকবিতণ্ডা ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল চলাকালে উপহারের বক্স ও খাবার বিতরণ নিয়ে কর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করতে এগিয়ে গেলে ছাত্রশক্তির কয়েকজন কর্মী তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে এক মোজো (মোবাইল জার্নালিস্ট) সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হট্টগোলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজনকে হাতাহাতিতে জড়াতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
घटनाর প্রত্যক্ষদর্শী মোজো সাংবাদিক আজহারুল ইসলাম রাকিব বলেন, উপহার বিতরণ নিয়ে ছাত্রশক্তির কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল, যা পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। সাংবাদিকরা ভিডিও করতে গেলে কর্মীরা মারমুখী আচরণ করেন এবং ফোন কেড়ে নেন। আরেক প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম পাপ্পু জানান, এক মোজো সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার পর সেখানে বিশৃঙ্খলা তৈরি হলে উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিশৃঙ্খলার একপর্যায়ে ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে দেখা যায়।
এই ঘটনার বিষয়ে জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম জানান, সেখানে আসলে কী ঘটেছে তা তার জানা নেই। তবে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, খাবার বিতরণ নিয়ে কিছুটা ঝামেলা হওয়ার কথা তিনি শুনেছেন। তবে সাংবাদিকদের ফোন কেড়ে নেওয়ার কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। তিনি আরও বলেন, কোনো সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে থাকলে, সেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি সংগঠনের জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
অন্যদিকে, ঘটনার ব্যাখ্যা দিয়ে জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, বিকেলে গিফট বক্স বিতরণের সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। হঠাৎ মোজো সাংবাদিকরা ভিডিও করা শুরু করায় সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এটিকে স্রেহ ভুল-বোঝাবুঝি উল্লেখ করে ভবিষ্যতে তারা এ বিষয়ে সতর্ক থাকবেন বলে জানান।

