অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসের শেষদিকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পাওয়া পেসার ওটনিয়েল বার্টম্যান নতুন করে চোটের কবলে পড়েছেন। মৌসুমের প্রথম রাউন্ডের লাল বলের ম্যাচে খেলার সময় তিনি এই ইনজুরিতে পড়েন। ডলফিনসের হয়ে টাইটানসের বিপক্ষে ম্যাচে বার্টম্যান মাত্র পাঁচ ওভার বল করতে পেরেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাটিংয়েও নামেননি। তার চোটের ধরন সম্পর্কে মাঠ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে রবিবার সকালে তার শারীরিক অবস্থা নিয়ে একটি আপডেট দেওয়া হবে বলে জানা গেছে।
বার্টম্যানের এই চোট দক্ষিণ আফ্রিকা দলের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেই হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে কাগিসো রাবাদা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) রাবাদার সেরে ওঠার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো জানায়নি। তবে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে তার পাওয়া না পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পেসারদের নিয়ে উদ্বেগের এখানেই শেষ নয়, লুঙ্গি এনগিডির শারীরিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। টাইটানসের হয়ে ডলফিনসের বিরুদ্ধে ম্যাচে তিনি ১৬.৩ ওভার বল করেছেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি মাঠ ছাড়লেও পরে ফিরে আসেন, কিন্তু এরপর আর বল করেননি। তবে মার্কো জানসেনের ক্ষেত্রে খবরটি আশাব্যঞ্জক। তিনি টাইটানসের হয়ে এই ম্যাচে মোট ২৮ ওভার বল করেছেন এবং সাতটি উইকেট শিকার করেছেন।
অন্যান্য ম্যাচে ব্যাটারদের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, লায়ন্সের হয়ে বোল্যান্ডের বিপক্ষে রায়ান রিকেলটন তার ১৯তম প্রথম শ্রেণির সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওই ম্যাচের প্রথম ইনিংসে টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা ৯১ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রানে আউট হন। এছাড়া কেপটাউনে ওয়েস্টার্ন প্রভিন্স কোবরাসের বিপক্ষে ডেভিড বেডিংহাম ৫ রান এবং কাইল ভেরেইন ৪৫ রান করেছেন। প্রতিপক্ষ ওয়ারিয়র্সের হয়ে ট্রিস্টান স্টাবস ৪৬ ও ১১ রান সংগ্রহ করেছেন এবং ডেন প্যাটারসন এ পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন।

