ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চিফ এক্সিকিউটিভস কমিটির (সিইসি) সহযোগী সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত তিনটি পদের একটির জন্য লড়ছেন ইন্দোনেশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অভিরাম যাদব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যদিও আইসিসি এখনও তারিখ ঘোষণা করেনি। আগামী ১৪ সেপ্টেম্বর, সোমবার আইসিসি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম প্রকাশ করতে পারে।
জানা গেছে, এই পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিরাম যাদব ছাড়া অন্য প্রার্থীরা হলেন জার্মানির ডয়েচার ক্রিকেট বুন্ডের ভাইস-প্রেসিডেন্ট ভিগনেশ শংকরন, নেদারল্যান্ডস ক্রিকেটের (কেএনসিবি) রশিদ খান এবং জার্সি ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সারা গোমারসাল। গত ৪ সেপ্টেম্বর এই পদের জন্য মনোনয়ন জমার সময়সীমা শেষ হয়েছে।
এশিয়া এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একমাত্র প্রার্থী হওয়ায় অভিরাম যাদবের জয়ের সম্ভাবনা বেশ জোরালো বলে মনে করা হচ্ছে। বাকি তিন প্রার্থীই ইউরোপীয় অঞ্চলের। ৪৩ জন সহযোগী সদস্য নিয়ে গঠিত নির্বাচনী কলেজ এই নতুন সিইসি সদস্যকে নির্বাচিত করবে। এর মধ্যে এশিয়ার ১৪টি, পূর্ব এশিয়া-প্যাসিফিকের ৬টি, ইউরোপের ১০টি, আফ্রিকার ১১টি এবং আমেরিকার ২টি ভোট রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডা বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার কবলে থাকায় তারা এই ভোটাভুটিতে অংশ নিতে পারবে না।
চলতি বছরের জুলাই মাসে গুরুমূর্তি পালানি আইসিসি বোর্ডে নির্বাচিত হওয়ার পর সিইসি থেকে পদত্যাগ করেন। সেই শূন্য পদেই নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন। সিইসির সহযোগী সদস্যদের বর্তমান দুই বছর মেয়াদের আর মাত্র ১০ মাস বাকি রয়েছে। আগামী বছরের বার্ষিক সম্মেলনে পুনরায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

