দুবাইয়ে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে আইসিসি কোড অব কন্ডাক্ট বা আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতীয় পেসার ক্রান্তি গৌড়কে শাস্তি পেতে হয়েছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে নিয়ম ভঙ্গের কারণে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে তাকে একটি ডেমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।
ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে। লঙ্কান ব্যাটার ইমেশা দুলানি তার মুখোমুখি হয়ে প্রথম বলেই ল্যাপ শট খেলে চার মারেন। তবে তিন বল পরেই একই শট খেলার চেষ্টায় তিনি আউট হয়ে যান। সেই মুহূর্তে ভারতীয় পেসার ক্রান্তি গৌড় বেশ উত্তেজনার সাথে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে দুলানিকে 'সেন্ড-অফ' দেন। ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত এই শাস্তির বিষয়টি ক্রান্তি গৌড় মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
একই টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে পাকিস্তান নারী দলকেও জরিমানা করা হয়েছিল। ওই ম্যাচে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে জয় নিশ্চিত করে। সময় বিবেচনায় পাকিস্তান দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় এই শাস্তি দেওয়া হয়। চতুর্থ আম্পায়ার রাবাব আহসানের আনা এই অভিযোগের পর অধিনায়ক ফাতিমা সানা জরিমানা মেনে নিয়েছেন, যার পরিমাণ ছিল তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ।

