২০২৭ সালের মার্চ মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সফরের কথা ঘোষণা করেছে। কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি নেপালের সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ক্যান) আমন্ত্রণে এই সফরের পরিকল্পনা সাজাচ্ছিল বিসিবি, যা নিয়ে আগেই খবর প্রকাশ করেছিল ক্রিকবাজ।
এই সফর চূড়ান্ত করার লক্ষ্যে বুধবার বিসিবি কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। সেখানে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে এই সিরিজ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, "এই তিনটি ম্যাচ ক্রিকেটীয় সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও নেপালকে কাছাকাছি আসার সুযোগ করে দেবে। একই সঙ্গে সাম্প্রতিক বড় দুর্যোগের এই সময়ে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তা বয়ে আনবে।"
সিরিজ ছাড়াও নেপালে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। এই দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা এবং খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের উন্নয়নের জন্য বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

