ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পিওনেস কাপের ফাইনাল ম্যাচের আগে লিওনেল মেসি এবং ইন্টার মায়ামিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার কড়া জবাব দিয়েছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম খেলোয়াড়দের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করে, যেখানে জয় বা পরাজয়ের ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া মুহূর্তেই বদলে যায়।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সুয়ারেজ বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম অনেক ক্ষতি করে। আমরা যদি আগামীকাল শিরোপা হারি, তবে তারা বলবে 'মেসি, সুয়ারেজ, ডি পলদের আরেকটি ফাইনাল হার। এত দুর্দান্ত খেলোয়াড় নিয়েও ইন্টার মায়ামি আবার হারল।' আবার আমরা যদি জিতি, তবে তারা বলবে এই জয়ের কোনো মূল্য নেই। আমরা যদি হ্যাটট্রিক করি, তারা বলবে এমএলএস-এ গোল করা সহজ। আর যদি দুই ম্যাচে গোল না পাই, তবে বলবে আমাদের ক্যারিয়ার শেষ। সমালোচনা সবসময়ই থাকবে।"
সুয়ারেজের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন ইন্টার মায়ামি কিছুটা অফ-ফর্মে রয়েছে। এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও, সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ১০টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। তাদের সর্বশেষ ম্যাচটি লিগ টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র হয়েছিল।
২০২৫ সালের ডিসেম্বরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে ক্যাম্পিওনেস কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইন্টার মায়ামি। অন্যদিকে, ২০২৬ সালের ক্যাম্পিওন দে ক্যাম্পিওনেস-এ তোলুকাকে হারিয়ে মেসির দলের মুখোমুখি হচ্ছে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুল। যদিও কনকাকাফ (CONCACAF) বা ফিফা (FIFA) এই ম্যাচটিকে কোনো অফিশিয়াল টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না, তবুও সুয়ারেজ স্পষ্ট করে দিয়েছেন যে তারা এটিকে ফাইনাল হিসেবেই দেখছেন।
সুয়ারেজ যোগ করেন, "আমরা পেশাদার এবং আগামীকালের ম্যাচটিকে ফাইনালের মতোই গুরুত্ব দিচ্ছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি। গত বছর এমএলএস জেতার কারণে আমরা এখানে খেলার যোগ্য দাবিদার, আর ক্রুজ আজুল মেক্সিকোতে তাদের যোগ্যতা প্রমাণ করে এসেছে। দুই দলই এটিকে ফাইনাল হিসেবে খেলবে এবং দর্শকদের একটি দারুণ লড়াই উপহার দেবে।"
ইন্টার মায়ামির ফর্ম কিছুটা নড়বড়ে হলেও ক্রুজ আজুল বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। নিজেদের শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে মেক্সিকান ক্লাবটি। দলটির ডিফেন্ডার অ্যালান মোজো ইন্টার মায়ামিকে হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। মোজো বলেন, "আমার মূল লক্ষ্য ক্যাম্পিওনেস কাপের চ্যাম্পিয়ন হওয়া। আমরা মায়ামির বিপক্ষে খেলব। আমার মনে হয় এটি আমাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা হবে, যা এই ক্লাবের জন্য আরেকটি বড় অর্জন। এখানে খেলার চাহিদাটাই এমন। আশা করি ডিসেম্বরে সতীর্থদের সাথে দ্বিমুকুট জয়ের উৎসব করতে পারব। আমাদের সেই সামর্থ্য আছে এবং আমি নিজেকে সেভাবেই কল্পনা করছি।"
এখন পর্যন্ত ইন্টার মায়ামি বা ক্রুজ আজুল—কোনো দলই এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। তবে ক্রুজ আজুল এর আগে ২০২১ সালে এই প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল, যেখানে কলম্বাস ক্রুর কাছে ২-০ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েছিল তারা।

