বৃহস্পতিবার শ্রীনগরে শুরু হতে যাওয়া জম্মু ও কাশ্মীর এবং রেস্ট অব ইন্ডিয়ার মধ্যকার ইরানি ট্রফি ম্যাচটিতে জাতীয় নির্বাচকদের কড়া নজর থাকবে। প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা পেসার আকাশ দীপের পারফরম্যান্সের দিকেই মূলত সবার মনোযোগ। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রজ্ঞান ওঝা।
গত ফেব্রুয়ারিতে বাংলার হয়ে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে রঞ্জি ট্রফি খেলার পর আর প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি আকাশ দীপকে। এরপর স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি আইপিএল মিস করেন এবং বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে সময় কাটান। ২৯ বছর বয়সী এই পেসারের প্রতি নির্বাচকদের এই বিশেষ আগ্রহের পেছনে রয়েছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। নভেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
গেল বছর ইংল্যান্ডের ওভালে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টের পর থেকে আকাশ আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে ১০ টেস্টে ২৮ উইকেট শিকারি এই বোলার টিম ম্যানেজমেন্টের আস্থাভাজন হিসেবেই আছেন। গত বছর বার্মিংহাম টেস্টে ১০ উইকেট এবং ওভাল টেস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কোচ গৌতম গাম্ভীর মনে করেন, নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে আকাশ দীপের থাকাটা জরুরি এবং সম্ভবত তিনি বিষয়টি নির্বাচকদের অবগতও করেছেন। ঋষভ পান্তের নেতৃত্বাধীন রেস্ট অব ইন্ডিয়া দলে আকাশ দীপকে ফিটনেস সাপেক্ষে সুযোগ দেওয়া হয়েছিল। এখন মাঠে নামার জন্য তিনি প্রস্তুত হওয়ায় তাকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

