হবিগঞ্জের টেকসই উন্নয়নের জন্য সৎ, দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই লক্ষ্য সামনে রেখে যুক্তরাজ্যপ্রবাসীসহ হবিগঞ্জের সব প্রবাসীকে জেলার মানবসম্পদ উন্নয়নে শিক্ষার প্রসার ঘটাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ। গত রোববার যুক্তরাজ্যের মিডল্যান্ডসের বার্মিংহামের একটি হলে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় বক্তারা এই আহ্বান জানান।
বক্তারা বলেন, সৎ ও দক্ষ মানবসম্পদই যেকোনো দেশের শ্রেষ্ঠ সম্পদ। আধুনিক প্রযুক্তির সঙ্গে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ছাড়া প্রকৃত মানবসম্পদ তৈরি সম্ভব নয়। এই গুরুত্ব উপলব্ধি করে হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অনুদান প্রদান করে আসছে। সভায় প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে জেলার উন্নয়নে সম্মিলিতভাবে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হয়।
ট্রাস্টের সভাপতি ড. মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহকারী কোষাধ্যক্ষ হাফিজ আফরোজজামান। সভার শুরুতে বিগত এক বছরের কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপন করেন জুবায়ের আহমদ চৌধুরী এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ড. আব্দুল মতিন। এ সময় সংগঠনের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ এনামুর রশিদ মেনন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসিএর নিউ এরিয়া ডেভেলপমেন্টের সেক্রেটারি আতিকুর রহমান জিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিন আহমদের উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, সাংবাদিক অলিউল্লাহ নোমান, নয় মৌজা কলেজের ম্যানেজমেন্টের ইউকে সভাপতি হাজী মোহাম্মদ মামুন চৌধুরী এবং বিএমডিসির খতিব মাওলানা মাহবুবুর রহমান। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হাই ও আমিনুর রশিদ তালুকদার, সহসভাপতি সলিসিটর এম ইয়াওর উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা মশাহিদ আলীসহ মোস্তাকিম বোরহানী, আবুল কাশেম খান, জাহাঙ্গীর আলম, সফিকুর রহমান ও খসরু মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুস্তাক আহমদ (বেডফোর্ড) এবং কবিতা আবৃত্তি করেন শাহ আলী আকবর। সভায় সর্বোচ্চ সদস্য সংগ্রহকারী হিসেবে ড. আব্দুল মতিন, মাওলানা মশাহিদ আলী ও মুস্তাক আহমদকে (বেডফোর্ড) পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আফজাল মিয়া, এ কে এম কামরুল হাসান চৌধুরী, মুস্তাক আহমদ (লন্ডন), পারভেজ তরফদার, আতিক হোসেন, ফারুক হোসেন, গোলাম শহিদ, নুরুল আমিন, আমিনুল হক, আনহারুজ্জামান চৌধুরী, মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, এটিএম মাহফুজ হাসান, আব্দুল্লাহ সোহেল, নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আব্বাস আলী, আব্দুল আলীম চৌধুরী, মোহাম্মদ খালিদুর রহমান এবং আহমেদ মুসাসহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৩

