ইউক্রেন সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, রাশিয়ার বড় ধরনের হামলার ঠিক আগ মুহূর্তে এলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে ইউক্রেন তার গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হওয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর ক্ষেত্রে কিছুটা অসহায় হয়ে পড়েছিল।
১৪ অক্টোবর বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, এটি রাশিয়ার অন্যতম বড় ধরনের একটি হামলা। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টারলিংকের এই সীমাবদ্ধতাকে কাজে লাগানোর চেষ্টা স্পষ্ট। ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনগুলো পরিচালনার জন্য স্টারলিংক সংযোগের ওপর অনেকাংশেই নির্ভরশীল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ভ্লাদিমির পুতিনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন তাদের সামরিক ও অন্যান্য যোগাযোগের জন্য এলন মাস্কের এই স্যাটেলাইট ইন্টারনেট প্রোগ্রামের ওপর ব্যাপকভাবে নির্ভর করে আসছে। জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা সেরহি বেসক্রেস্তনভ এই ইন্টারনেট সীমাবদ্ধতার জন্য মাস্কের কোম্পানি স্পেসএক্সকে দায়ী করেছেন। তিনি জানান, এই সীমাবদ্ধতার বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, যার ফলে বেশ কিছু সামরিক মিশন বাধাগ্রস্ত হয়েছে।
তবে এলন মাস্ক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ইন্টারনেটের গতিতে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকলে তা স্পেসএক্স নয়, বরং হোয়াইট হাউসের সিদ্ধান্তে হয়েছে। মাস্কের ভাষ্যমতে, স্টারশিল্ড সিস্টেম যুক্তরাষ্ট্রের সরকারের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত। তিনি আরও বলেন, গতির সীমাবদ্ধতা বা ব্যবহারের পরিধি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন সামরিক বাহিনী এবং মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকেই নেওয়া হয়।
এদিকে জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া শত শত ড্রোন ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, লজিস্টিকস এবং রেলওয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ বিষয়ে মন্তব্য পাওয়ার জন্য ইউএসএ টুডের পক্ষ থেকে হোয়াইট হাউস ও পেন্টাগনের সাথে যোগাযোগ করা হয়েছে।

