মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকায় অনলাইন অ্যাপসের মাধ্যমে আসবাবপত্রসহ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাসকারী এক নারী চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে আরজু ভিলা নামের ওই ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভবনটির চারতলা থেকে হঠাৎ ওই নারী নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা আরও জানান, বাসার লোকজন বাইরে থাকাকালীন ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দ হওয়ার বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা ফোনে জানালে তারা দ্রুত ফিরে আসেন। তাৎক্ষণিকভাবে ওই নারী ও তার সঙ্গে থাকা যুবকের পরিচয় পাওয়া যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপসের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এ ঘটনায় ওই নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

