গ্রাহকের তথ্য সুরক্ষায় এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে মার্কিন ব্যাংকগুলো

গ্রাহকদের সুরক্ষায় থার্ড-পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শীর্ষ ব্যাংক। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে প্রথম প্রকাশিত এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গ্রাহকের অনুমতি ছাড়াই এআই এজেন্ট কর্তৃক অনাকাঙ্ক্ষিত লেনদেন বা কার্যক্রম পরিচালনার ক্রমবর্ধমান আশঙ্কা। পাল্টো অল্টো নেটওয়ার্কসের ২০২৬ সালের একটি গবেষণা অনুযায়ী, আর্থিক সেবা ও সফটওয়্যার খাতের দুই-তৃতীয়াংশ প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা (সিআইএসও) এজেন্টিভ এআইকে তাদের শীর্ষ তিনটি সাইবার নিরাপত্তা ঝুঁকির একটি হিসেবে চিহ্নিত করেছেন এবং এক-তৃতীয়াংশের বেশি কর্মকর্তা একে প্রধান দুশ্চিন্তার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠান সিটি ব্যাংক সম্প্রতি জানিয়েছে, তারা তাদের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে থার্ড-পার্টি এআই এজেন্ট বা সহকারীকে সরাসরি লগইন করা কিংবা লেনদেন করার অনুমতি দিচ্ছে না। তবে সিটির অনুমোদিত ওপেন ব্যাংকিং সেবাদাতাদের মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট তথ্যে সীমিত আকারে কেবল দেখার অনুমতি দিতে পারেন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো গ্রাহক অ্যাকাউন্টে এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের খবর পাওয়া যায়নি। একইভাবে ওয়েলস ফারগো ও তাদের গ্রাহক অ্যাকাউন্টে অননুমোদিত এআই এজেন্টের প্রবেশ ঠেকাতে পদক্ষেপ গ্রহণের কথা নিশ্চিত করেছে।

এআই প্রযুক্তির দ্রুতগতির অস্ত্রায়নে ব্যাংক, প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যবহারকারীরা ঝুঁকির মুখে পড়েছেন বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান পিং আইডেন্টিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আন্দ্রে ডুরান্ড। তিনি জানান, উচ্চস্তরে প্রতারণা ও জালিয়াতি ছড়াতে এআইয়ের ব্যবহার কিংবা এজেন্ট হ্যাক হয়ে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকর পদক্ষেপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পিং আইডেন্টিটির ২০২৬ সালের অক্টোবরের এক জরিপে দেখা গেছে,৭১ শতাংশ গ্রাহক চিন্তিত যে তাদের হয়ে কাজ করা এআই এজেন্ট ব্যক্তিত্ব বা মূল্যবোধের ভুল উপস্থাপন করতে পারে। তবে যেকোনো আর্থিক লেনদেনে এআইকে একদমই বিশ্বাস করেন না এমন গ্রাহকের হার ২২ শতাংশের নিচে। ডুরান্ড উল্লেখ করেন, বর্তমান মূল চ্যালেঞ্জ হলো আগত অনুরোধটি মানুষের নাকি এআই এজেন্টের তা শনাক্ত করা এবং তা মানুষের প্রকৃত কর্তৃত্বেই ঘটছে কি না নিশ্চিত করা।

ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী ব্রায়ান মইনিহান গত ১৫ অক্টোবর ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গ্রাহকরা এআই এজেন্টকে ইউজার আইডি বা পাসওয়ার্ড দেওয়া মানে প্রযুক্তিটিকে অর্থ প্রদানের অনুমতি দেওয়া। তাই তারা পুরো প্রক্রিয়ায় একজন মানুষকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রাখার বিষয়ে শিল্পখাত এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছেন, যাতে অর্থ পরিশোধের আগে গ্রাহক নিজে তা অনুমোদন করেন। ব্যাংক অব আমেরিকা ইতোমধ্যে ডিপোজিট অ্যাকাউন্টে এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে। অন্যদিকে, গত সপ্তাহে জেপিমরগান চেসের প্রধান নির্বাহী ব্লুমবার্গের কাছে নিশ্চিত করেছেন যে তাদের ব্যাংকও বহিরাগত এআই এজেন্টদের গ্রাহক অ্যাকাউন্টের তথ্যে ঢোকা প্রতিরোধ করছে। ব্যাংক অব আমেরিকা ও জেপিমরগান এ বিষয়ে তাৎক্ষণিক অতিরিক্ত মন্তব্য করেনি।

ওয়েলস ফারগো তাদের নতুন অনলাইন অ্যাকসেস চুক্তি হালনাগাদ করেছে, যা ২৪ নভেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে, এআই এজেন্টসহ অনুমোদিত প্রতিনিধিদের পরিচালিত সমস্ত লেনদেন বৈধ বলে গণ্য হবে—যতক্ষণ না ব্যবহারকারী ব্যাংকটিকে লিখিতভাবে অবহিত করছেন এবং বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত সময় ব্যাংক পাচ্ছে। চুক্তিটিতে এআই এজেন্ট সম্পর্কিত বিশেষ অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে যে, এআই এজেন্টের তত্ত্বাবধানের পুরো দায়ভার গ্রাহকের এবং ভুল বা অনাকাঙ্ক্ষিত লেনদেনের ঝুঁকি গ্রাহককেই বহন করতে হবে।

চার্লস সোয়াব তাদের গ্রাহকদের সহায়তায় ‘চার্লি’ নামের নিজস্ব এআই সহকারী তৈরি করেছে, যা সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া ও রুটিন কাজ করতে পারলেও কোনো ট্রেড বা লেনদেন কার্যকর করতে পারে না। ব্যাংকটির সিইও রিক ওয়ারস্টার গত ১৬ অক্টোবর ব্লুমবার্গকে জানান, প্রতিদিন প্রধান প্রধান এআই এজেন্টগুলোর পক্ষ থেকে গ্রাহকদের তহবিল স্পর্শ করার বা পরিবর্তন করার ১০ থেকে ২০টি চেষ্টা তারা প্রতিহত করছেন। মেটা ২১ অক্টোবর জানিয়েছে তাদের এআই এজেন্ট মুস-এর ব্যবহারকারী ১০ মিলিয়নে পৌঁছেছে। এ অবস্থায় ডুরান্ড জোর দিয়ে বলেন, কেবল ইমেইলে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) আর নিরাপদ নয় কারণ এআই এজেন্টদের ইমেইলেও প্রবেশাধিকার থাকে। এর বদলে পাসকি ও বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার নিশ্চিত করতে হবে।

শিরোনাম :
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইয়ের বিরুদ্ধে ক্রিপ্টো জালিয়াতির মামলা খারিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের জয়ে সাইমন হারমারের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স কানাডিয়ান পণ্যের শুল্ক কমালেন ট্রাম্প, মেইন অঙ্গরাজ্যে স্বস্তি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেট নিয়ন্ত্রণে রিপাবলিকানদের কঠিন লড়াই ৫ বছর পর ছেলের সাথে কথা বললেন মিয়ানমারের বন্দি নেত্রী সু চি স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি ম্যানইউর কোচ হওয়ার বিষয়ে ফ্যাব্রেগাসকে সতর্ক করলেন লিনেকার ও শিয়ারার ‘অস্ট্রেলিয়ার ব্যাটাররাও মানুষ, চাপ দিলে ভেঙে পড়ে’: সাইমন হারমার সিরি আ: বেলঘালির দর্শনীয় গোলে মোনজাকে ৩-২ ব্যবধানে হারাল তুরিনো গ্রাহকের তথ্য সুরক্ষায় এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে মার্কিন ব্যাংকগুলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইয়ের বিরুদ্ধে ক্রিপ্টো জালিয়াতির মামলা খারিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের জয়ে সাইমন হারমারের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স কানাডিয়ান পণ্যের শুল্ক কমালেন ট্রাম্প, মেইন অঙ্গরাজ্যে স্বস্তি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: সিনেট নিয়ন্ত্রণে রিপাবলিকানদের কঠিন লড়াই ৫ বছর পর ছেলের সাথে কথা বললেন মিয়ানমারের বন্দি নেত্রী সু চি স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি ম্যানইউর কোচ হওয়ার বিষয়ে ফ্যাব্রেগাসকে সতর্ক করলেন লিনেকার ও শিয়ারার ‘অস্ট্রেলিয়ার ব্যাটাররাও মানুষ, চাপ দিলে ভেঙে পড়ে’: সাইমন হারমার সিরি আ: বেলঘালির দর্শনীয় গোলে মোনজাকে ৩-২ ব্যবধানে হারাল তুরিনো গ্রাহকের তথ্য সুরক্ষায় এআই এজেন্টের প্রবেশাধিকার সীমিত করছে মার্কিন ব্যাংকগুলো