দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বেড়ে চলেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
রবিবার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। বিবৃতিতে তারা উল্লেখ করেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা একটি রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। মানুষ যদি নিরাপদে কর্মস্থলে না যেতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনায় শঙ্কায় থাকে কিংবা সন্ধ্যার পর চলাচলে ভয় পায়, তবে তা শুধু আইনশৃঙ্খলা ব্যবস্থার ধস নয়—রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার ক্ষেত্রেও বড় অশনিসংকেত।
অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা তুলে ধরে দলের শীর্ষ নেতারা বলেন, অপরাধী যেকোনো রাজনৈতিক বা প্রশাসনিক পরিচয়েরই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় না দিয়ে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অপরাধ দমনের প্রক্রিয়ায় যাতে কোনো নিরপরাধ নাগরিক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার তাগিদ দেন তারা। রাজনৈতিক প্রভাবের কারণে যেন আইন প্রয়োগ কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান দলটির নেতারা।

