নির্বাচনের স্বচ্ছতা ও অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে ক্যালিফোর্নিয়ার ভোটকেন্দ্রগুলোতে আইনজীবী এবং পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ফেডারেল এজেন্ট মোতায়েনের পরিকল্পনার বিপরীতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গভর্নর নিউসম জিমি কিমেল লাইভ শো-তে বলেন, ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং নির্বাচনের ফলাফলের ওপর সন্দেহ তৈরির ক্ষেত্র প্রস্তুত করছে। তিনি স্পষ্ট করেন যে, ফেডারেল এজেন্টদের কোনো ধরনের নিয়ন্ত্রণহীন হস্তক্ষেপ ক্যালিফোর্নিয়ায় বরদাস্ত করা হবে না। এই উদ্বেগ মোকাবিলায় রাজ্য প্রশাসন ও ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক পার্টি যৌথভাবে নতুন নির্বাচন অখণ্ডতা দল গঠন করেছে।
নিউসম জানান, তিনি প্রায় এক হাজারেরও বেশি ভোটকর্মী নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন, যারা ট্রাম্পের পাঠানো ফেডারেল মনিটরদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। বর্তমানে ক্যালিফোর্নিয়ার নির্বাচন অখণ্ডতা দলে ৮০০ জনেরও বেশি পর্যবেক্ষক, ১৩৪ জন নির্বাচনী আইন বিশেষজ্ঞ এবং ৫৪ জন হটলাইন অপারেটর রয়েছেন। মূলত ৬, ১৩, ২২, ৪৫ এবং ৪৮ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব আইনজীবী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক পার্টির চেয়ার রাস্টি হিকস এক বিবৃতিতে জানান, ভোটারদের সহায়তার জন্য একটি বহুভাষিক হটলাইন চালু করা হয়েছে। এছাড়া, ভোটাররা কোনো সমস্যার সম্মুখীন হলে বা সহায়তার প্রয়োজন হলে ১-৮৭৭-৩২১-ভোট (৮৬৮৩) নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ভোট গণনার সময় আইনি সহায়তা প্রদানের জন্য একটি দ্রুত সাড়া প্রদানকারী কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে নিউসম বলেন, ফেডারেল ব্যাজ মানেই ভোটারদের ভয় দেখানো বা নির্বাচনে হস্তক্ষেপ করার লাইসেন্স নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নতুন রাজ্য আইন অনুযায়ী ব্যালট বা নির্বাচনী প্রযুক্তি নিয়ে কারচুপি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য কঠোর শাস্তি পেতে হবে।

