আলাস্কায় মার্কিন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ড্যান সুলিভান হেরে গেলে তার ফলাফল সার্টিফাই বা সত্যায়ন স্থগিত রাখার দাবিতে ট্রাম্প প্রশাসনের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আলাস্কার একটি ফেডারেল আদালত। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক শ্যারন এল গ্লিসন রোববার দেওয়া ২০ পৃষ্ঠার এক আদেশে বিচার বিভাগ (ডিওজে)-এর করা এই মামলা বাতিল করেন। আদালত জানিয়েছেন, বিচার বিভাগের এই মামলা করার মতো প্রয়োজনীয় আইনি অধিকার বা 'লিগ্যাল স্ট্যান্ডিং' ছিল না।
ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ গত সপ্তাহে আলাস্কার আদালতে এ মামলা দায়ের করেছিল। তাদের যুক্তি ছিল, ব্যালট পেপারে 'ড্যানিয়েল জে সুলিভান' নামে একজন শিক্ষকের নাম রয়েছে, যা ভোটারদের বিভ্রান্ত করার জন্য এবং বর্তমান সিনেটর ড্যান সুলিভানের মতো একই নাম ও দলীয় পরিচয় ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্ত করা হয়েছে। বিচার বিভাগ তাদের দাবির পক্ষে বলেছিল, এই নামের উপস্থিতির কারণে ড্যান সুলিভানের সম্ভাবনা থেকে ভোটাররা অন্য দিকে সরে যেতে পারেন, যার ফলে ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলা সুবিধা পেতে পারেন।
তবে বিচারক শ্যারন এল গ্লিসন তার আদেশে স্পষ্ট জানান, মার্কিন সংবিধানের আর্টিকেল ৩-এর অধীনে মামলাটির আইনি যোগ্যতা ও প্রতিকারযোগ্যতার পূর্বশর্ত বিবাদী প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসনের চাওয়া নিষেধাজ্ঞা বা 'ইনজাংশন' মঞ্জুর করার সুযোগ নেই। বিচারক আরও উল্লেখ করেন, নির্বাচনের দিন ড্যানিয়েল জে সুলিভানের পক্ষে পড়া ভোটগুলো কীভাবে আলাদা করা হবে এবং ভোটারদের গোপনীয়তা রক্ষা করে পরবর্তীতে আদালত-নির্দেশিত কোনো অনির্দিষ্ট তদন্ত কীভাবে পরিচালিত হবে—সে বিষয়ে মার্কিন বিচার বিভাগ কোনো বাস্তবসম্মত পরিকল্পনা পেশ করতে পারেনি। আদালতের আদেশের মাধ্যমে কথিত ক্ষতির সমাধান সম্ভব তা দেখাতে ব্যর্থ হয়েছে তারা।
মামলা খারিজ হওয়ার এ রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিচার বিভাগের কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এই দেওয়ানি মামলার পাশাপাশি ড্যানিয়েল জে সুলিভানকে ব্যালটে অন্তর্ভুক্ত করার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা নিয়ে একটি পৃথক ফৌজদারি তদন্ত চালিয়ে যাচ্ছে বিচার বিভাগ। আলাস্কার ব্যালটে ওই শিক্ষককে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে আসার প্রচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজন ডেমোক্র্যাটিক কর্মকর্তার বিরুদ্ধে সমন বা সাবপেনা জারি করা হয়েছে। তবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বা জড়িত কারও বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অপরাধের অভিযোগ গঠন করা হয়নি।
November 1, 2026 / 1:39 PM EST / CBS News

