কেরানীগঞ্জে দুই খাল পুনঃখননে অনিয়ম, বিক্রি হলো কোটি টাকার মাটি

ঢাকার কেরানীগঞ্জে সরকারি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং খাল বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুরার অভিযোগ উঠেছে। দক্ষিণ কেরানীগঞ্জের দীঘিরপাড় এবং রুহিতপুর ইউনিয়নের খারাকান্দি খাল খননে বরাদ্দকৃত অর্থ ব্যয়, কাজের প্রকৃত পরিমাণ ও ব্যাংক থেকে বিল তোলার পুরো প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা ও নানা প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের দাবি, খালের নির্ধারিত অংশ খনন না করেই অর্থ তুলে নেওয়া হয়েছে এবং দুই তীরের কাটা মাটি বিক্রি করা হলেও সেই অর্থ জমা হয়নি সরকারি কোষাগারে।

প্রকল্পের সরকারি নথি পর্যালোচনা করে দেখা যায়, দুটি খাল খননে মোট ৩ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৩৬৬ টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে খারাকান্দি খালের বরাদ্দ ছিল ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ৩৪৭ টাকা এবং দীঘিরপাড় খালের জন্য নির্ধারিত ছিল ২ কোটি ১৬ ৩৩ লাখ ১৯ টাকা। কাজ শুরুর আগেই গত ৩০ জুলাই ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬৯৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জমা দেওয়া হলে খননকাজের জন্য অবশিষ্ট থাকে ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ৬৬৯ টাকা। তবে কাজ শেষ হওয়ার আগেই গত ২৩ এপ্রিল থেকে ৭ মে’র মধ্যে ১৩টি ভাউচারের মাধ্যমে ১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা তুলে নেওয়া হয়। সোনালী ব্যাংকের কেরানীগঞ্জ উপজেলা শাখা থেকে ‘রিনভী এন্টারপ্রাইজ’-এর নামে এ অর্থ উত্তোলন করা হয় বলে নথিতে উল্লেখ রয়েছে।

উত্তোলিত অর্থের ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে বড় ধরনের গরমিল প্রকাশ্যে এসেছে। খারাকান্দি খাল খনন কমিটির সভাপতি আউয়াল শিকদার বিল হিসেবে পেয়েছেন ৫৯ লাখ টাকা। অন্যদিকে দীঘিরপাড় খালে ভেকু ও যন্ত্রপাতির ভাড়া বাবদ ‘এন জাহান ট্রেড’-এর মালিক জাহিদ হোসেনকে দেওয়া হয়েছে ৪৮ লাখ টাকা। এই দুটি খাতে মোট ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। ফলে ব্যাংক থেকে তোলা ১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকার মধ্যে অতিরিক্ত থাকা ৪৮ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা কোথায় গেল বা কীভাবে খরচ হলো, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নে অবস্থিত খারাকান্দি খালটি গুয়াডুরি-আকছাইল-নিলটেক-খারাকান্দি-বেলনা-ইস্পাহানি কলেজ হয়ে গোয়ালখালী পর্যন্ত বিস্তৃত। গত ১৬ মার্চ এই খালের খননকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং সরকারি হিসাবে ৪.৬৩ কিলোমিটার খনন সম্পন্নের কথা বলা হয়েছে। কিন্তু সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, খালের অনেক অংশেই কোনো খনন করা হয়নি। উল্টো রামের কান্দা কালভার্টের দক্ষিণ থেকে রুহিতপুরকাঁচা পর্যন্ত অন্তত ৫ হাজার ট্রাক মাটি বিক্রির প্রমাণ মিলেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি ১০০ ঘনফুট ক্ষমতার মাহিন্দ্র ট্রাকের মাটি ১,২০০ টাকা দরে বিক্রি করে এক স্থান থেকেই হাতিয়ে নেওয়া হয়েছে ৬০ লাখ টাকা। যেখানে মাটি বিক্রির সুযোগ ছিল না, সেখানে খননের হাতও দেওয়া হয়নি। এছাড়া টাকার বিনিময়ে ইস্পাহানি কলেজের পশ্চিম পাশে সাততলা ভবন এবং মোহাম্মদ আলীর একতলা ভবনের মার্কেট উচ্ছেদ না করে খালের সীমানাতেই রেখে দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, খারাকান্দি খালের মাটি বেচাকেনায় মোট ৬০ থেকে ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে।

কলাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খারাকান্দি খাল খনন কমিটির সভাপতি আউয়াল শিকদার দাবি করেছেন, তিনি চার কিলোমিটারের জায়গায় পাঁচ কিলোমিটার খাল খনন করে ৫৯ লাখ টাকা বিল নিয়েছেন। তবে প্রকল্পের দেড় কোটি টাকার বেশি বিল তোলার বিষয়ে তিনি নিজের অজ্ঞতা প্রকাশ করেন। পাঁচ সদস্যের কমিটির কেবল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা উল্লেখ করে তিনি জানান, তার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নেই এবং কার্যাদেশ, কাজের মাপবই বা বিল পরিশোধ সংক্রান্ত কোনো দাপ্তরিক কাগজপত্রও তার কাছে নেই।

অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জের ৭.৫০ কিলোমিটার দীর্ঘ দীঘিরপাড় খালের ৬.৪০ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে বলে দাবি করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কিন্তু এই খাল থেকেও প্রায় ২০ লাখ টাকার মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে খেজুরবাগ কবরস্থান কমিটির সদস্যরা জানান, কবরস্থান উঁচু করতে তাঁরা ১,২০০ টাকা প্রতি ট্রাক হিসাবে খালের মাটি কিনেছেন। একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি লিয়াকত হোসেন রিপন একাই প্রায় ১৪ লাখ টাকার মাটি কিনেছেন।

প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রিনভী এন্টারপ্রাইজ’-এর মালিক নাজিমুদ্দিন ভাসানী সানি অভিযোগ করেন, তার প্রতিষ্ঠানের নামে দরপত্র হলেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি। বাস্তবে কাজ করেছেন এন জাহান ট্রেডার্সের জাহিদ হাসান, ইউপি প্যানেল চেয়ারম্যান আউয়াল শিকদার এবং অনিক নামের এক ভেকুচালক। তিনি আরও বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদ খান তার কাছ থেকে ভাউচার নিয়ে ১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা তুলে নিয়েছেন। গত ৬ আগস্ট অতিরিক্ত মাটি অপসারণের জন্য কোটেশন আহ্বানের যে দরপত্র ইউএনও স্বাক্ষর করেন, তাতেও জালিয়াতি করা হয়েছে। পিআইও রাশেদ খান গোপনে রিনভী এন্টারপ্রাইজ ও এন জাহান ট্রেডের নামে কোটেশন বানিয়ে খারাকান্দির অতিরিক্ত মাটি অপসারণের কাজ ১ লাখ ৯৫ হাজার টাকা ও দীঘিরপাড় খালের কাজ ৩ লাখ টাকায় বরাদ্দ দেখান (যেখানে ভ্যাট ও আয়করসহ পে-অর্ডার জমা পড়ে যথাক্রমে ২ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা ও ৩ লাখ ৭৫ হাজার টাকা)। নাজিমুদ্দিনের দাবি, সামান্য টাকার দরপত্র দেখিয়ে ৬০ থেকে ৮০ লাখ টাকার সরকারি মাটি বিক্রি করা হলেও সেই অর্থ কোষাগারে জমা হয়নি, তাকেও কোনো অংশ দেওয়া হয়নি।

এন জাহান ট্রেডের মালিক জাহিদ হোসেনও একই সুর মিলিয়ে জানান, তিনি কেবল দীঘিরপাড় খালে ৪৮ লাখ টাকার যন্ত্রপাতি ভাড়ার বিল পেয়েছেন। মাটি বিক্রির দরপত্রে তার নামে শিডিউল জমা দেওয়ার কাজ পিআইও নিজেই করেছেন এবং কত টাকার মাটি বিক্রি হয়েছে তা তার জানা নেই। অভিযোগের বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদ খান বলেন, উত্তোলিত টাকা থেকে সরকারি ভ্যাট ও আয়কর বাদ দিলে অবশিষ্ট থাকে ১ কোটি ৩৪ লাখ টাকা। কোটি টাকার মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, সরকারি দরপত্র মেরেই মাটি বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ খাল খনন ব্যয়ের সঙ্গেই সমন্বয় করা হয়েছে। তবে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক জানান, স্থানীয় বাসিন্দারা পিআইও রাশেদ খানের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন। পুরো বিষয়টি ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমকে অবহিত করা হয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম :
শ্রীলঙ্কা সিরিজের আগে পাকিস্তান টেস্ট দলে বড় রদবদল, বাদ ওসমান ও ফজল সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়গুলো বদলানোর আশা বিচারপতি সোটোমায়োরের ‘সবসময় মনে হতো এরপর ওকেও মেরে ফেলা হবে’ পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ছয় সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক সূর্যবংশী মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসে বড় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলে নতুন সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তি চেয়ে বিক্ষোভ ক্ষেপণাস্ত্রের ২,০০০ কিলোমিটার পাল্লার সীমা তুলে নিল ইরান কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু, আহত স্বামী হংকং ওপেনের ফাইনালে আলেক্স ইয়ালা, ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ে পেছনে ফেললেন নাওমি ওসাকাকে শ্রীলঙ্কা সিরিজের আগে পাকিস্তান টেস্ট দলে বড় রদবদল, বাদ ওসমান ও ফজল সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়গুলো বদলানোর আশা বিচারপতি সোটোমায়োরের ‘সবসময় মনে হতো এরপর ওকেও মেরে ফেলা হবে’ পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ছয় সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক সূর্যবংশী মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসে বড় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলে নতুন সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তি চেয়ে বিক্ষোভ ক্ষেপণাস্ত্রের ২,০০০ কিলোমিটার পাল্লার সীমা তুলে নিল ইরান কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু, আহত স্বামী হংকং ওপেনের ফাইনালে আলেক্স ইয়ালা, ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ে পেছনে ফেললেন নাওমি ওসাকাকে