প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা অবিলম্বে টড ব্লাঞ্চকে স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের অনুমোদন দেন। এর আগের দিনই ট্রাম্প ব্লাঞ্চের মনোনয়ন সাময়িকভাবে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন, তবে এখন তিনি সেই অবস্থান থেকে সরে এসে ব্লাঞ্চের পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন।
ব্লাঞ্চের মনোনয়ন বর্তমানে ১.৮ বিলিয়ন ডলারের একটি 'অ্যান্টি-ওয়েপনাইজেশন' বা অস্ত্রায়নবিরোধী তহবিলের কারণে ঝুঁকির মুখে পড়েছে। ট্রাম্প এই তহবিলের জোরালো সমর্থন করেছেন এবং যারা এর সমালোচনা করছেন তাদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রিপাবলিকান সিনেটর জন কর্নিন এবং থম টিলিস এই তহবিল বাতিল করার নিশ্চয়তা চেয়েছেন। ৩১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কর্নিনকে আক্রমণ করে বলেন, তথাকথিত এই তহবিল সেই সব দেশপ্রেমিকদের উপকারে আসবে, যারা জো বাইডেন প্রশাসনের সময় অন্যায়ভাবে নিগৃহীত হয়েছেন।
ট্রাম্প আরও বলেন, সরকারি নির্যাতনের শিকার এসব মানুষের ক্ষতিপূরণ পাওয়া উচিত। তিনি টড ব্লাঞ্চকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে নিয়োগের দাবি জানান। এর আগে ৩০ জুলাই ট্রাম্প বলেছিলেন, কর্নিন ও টিলিস যতদিন দায়িত্বে আছেন, ততদিন তিনি ব্লাঞ্চের মনোনয়ন প্রত্যাহার করে রাখতে পারেন। উল্লেখ্য, কর্নিন তার দলীয় প্রাইমারি নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীর কাছে হেরেছেন এবং টিলিস ট্রাম্পের সাথে মতবিরোধের কারণে পুনরায় নির্বাচনে দাঁড়াচ্ছেন না।
এদিকে, কর্নিন এবং টিলিসের আপত্তির কারণে সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ার চাক গ্রাসলি ৩০ জুলাই ব্লাঞ্চের মনোনয়ন সংক্রান্ত ভোট স্থগিত করেছেন। সিনেটররা মূলত আইআরএস-এর সাথে ট্রাম্পের মামলার নিষ্পত্তিতে ব্লাঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই নিষ্পত্তির মাধ্যমে প্রেসিডেন্ট, তার দুই বড় ছেলে এবং তাদের ব্যবসাকে কর অডিট থেকে সুরক্ষা দেওয়া হয়েছিল এবং সরকারি আইনি অপব্যবহারের শিকার ব্যক্তিদের জন্য এই তহবিল গঠন করা হয়েছিল।
টিপিস এই তহবিলের বিরোধিতা করে বলেন, যারা ক্যাপিটল হিলে পুলিশের ওপর হামলা চালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না। তিনি আরও যোগ করেন, অপরাধীদের সরকারি তহবিল থেকে অর্থ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। যদিও গত ২ জুন এক শুনানিতে ব্লাঞ্চ আইনপ্রণেতাদের জানিয়েছিলেন যে, তারা এই তহবিল নিয়ে আর এগোচ্ছেন না। তবে কর্নিন ও টিলিস এই তহবিল যাতে ভবিষ্যতে আর ফিরে না আসে, তার জন্য বাড়তি নিশ্চয়তা দাবি করছেন। টিলিস জানিয়েছেন যে, তিনি এবং কর্নিন এই তহবিল বন্ধ করার জন্য ব্লাঞ্চের সাথে কাজ করছেন এবং তিনি এই রাজনৈতিক ও আইনি বোঝা থেকে মুক্তি পেতে বদ্ধপরিকর।
