অস্ট্রেলিয়ার সিডনির উত্তরাঞ্চলে নিউক্যাসেল নাইটস রাগবি দলের সমর্থনে জড়ো হওয়া সমর্থকদের একটি ভিড়ে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৫ বছর বয়সী এক শিশু এবং ৬৭ বছর বয়সী এক বৃদ্ধের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন বাকি আটজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। স্থিতিশীল থাকা এই রোগীদের মধ্যে ৫ বছর ও ২ বছর বয়সী আরও দুটি শিশু রয়েছে।
অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে নিউক্যাসেল নাইটস দলের অনুশীলনের সময় তাদের উৎসাহ দিতে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। আগামী রবিবার অনুষ্ঠিতব্য রাগবি লিগের ফাইনাল ম্যাচের আগে শনিবার সকালে দলের খেলোয়াড়দের বহনকারী বাসটিকে বিদায় জানাতে রাস্তার পাশে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক সমর্থক। ঠিক সেই মুহূর্তেই এই দুর্ঘটনা ঘটে।

