ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস অভিযোগ করেছে যে, গাজায় ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে হামলা জোরদার করেছে। তাদের দাবি, মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারীদের সাথে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের যে সমঝোতা হয়েছিল, তা নস্যাৎ করতেই এই হামলা চালানো হচ্ছে।
রবিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, এদিন সকাল থেকে ইসরায়েলি হামলায় ১৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সংগঠনটির মতে, এটি ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সরকারের একটি পরিকল্পিত উসকানি’, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাথে হওয়া যুদ্ধবিরতির অগ্রগতি আটকে দেওয়া।
হামাস এই হামলাকে ‘যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি নেতাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে। এছাড়া যুদ্ধবিরতির গ্যারান্টার এবং মধ্যস্থতাকারীদের প্রতি হামাসের দাবি, তারা যেন অবিলম্বে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে এই সংঘাত বন্ধ করে এবং চুক্তির শর্তাবলী মেনে চলতে বাধ্য করে।
ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যা ও উচ্ছেদের হুমকি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করেছে হামাস। এর আগে শুক্রবার পিস বোর্ড ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। বোর্ডের দাবি অনুযায়ী, হামাস একটি বিস্তারিত রোডম্যাপ গ্রহণ করলেও ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

