এসি মিলানের কিংবদন্তি অধিনায়ক ফ্রাঙ্কো বারেসির শেষকৃত্যের আগে ইন্টার মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাবে ক্লাবটি। আগামী মঙ্গলবার (৪ আগস্ট) মিলানের সান্ত’অ্যামব্রোজিও ব্যাসিলিকায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তবে এই অনুষ্ঠানে মিলানের সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হলেও এর পেছনে রয়েছে এক আবেগঘন কারণ।
পুরো খেলোয়াড়ি জীবন এক ক্লাবেই কাটিয়ে দেওয়া ইতালির এই আইকনিক অধিনায়ক গত সপ্তাহান্তে ৬৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন। স্বাভাবিক পরিস্থিতিতে মিলানের পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফের এই শেষকৃত্যে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু প্রাক-মৌসুম সফরের কারণে মিলান দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে না যাওয়া সান্তিয়াগো জিমেনেজ এবং ক্রিশ্চিয়ান পুলিসিকই কেবল বর্তমানে দলের বাইরে রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই শেষকৃত্য অনুষ্ঠানে মিলানের প্রেসিডেন্ট পাওলো স্কারোনি, মালিক জেরি কার্ডিনালে এবং সিইও মাসিমো কালভেলি উপস্থিত থাকবেন। এছাড়া বারেসির সাবেক সতীর্থদের মধ্যে পাওলো মালদিনি, মার্কো ভ্যান বাস্তেন, দেজান সাভিসোভিচ, ডেমেট্রিও আলবার্টিনি, সেবাস্তিয়ানো রসি, জিয়ানলুকা জামব্রোত্তা, দানিয়েল মাসারো, আলবেরিকো ইভানি, রবার্তো ডোনাডোনি এবং পিয়েত্রো পাওলো ভির্ডিসের উপস্থিত থাকার কথা রয়েছে। ইন্টার মিলান, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো অন্য ক্লাবগুলোও তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে। ইতালির টেলিভিশন চ্যানেল ‘রেতে ৪’ (Rete 4)-এ এই শেষকৃত্য অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
বারেসির প্রয়াণে ইব্রাহিমোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য করেননি এবং শেষকৃত্যেও তাঁর থাকার সম্ভাবনা নেই। তবে এর পেছনে রয়েছে তাঁর ব্যক্তিগত শোকের ইতিহাস। ২০১৪ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ভাই সাপকোকে হারানোর পর থেকে ইব্রাহিমোভিচ তাঁর ব্যক্তিগত শোক প্রকাশের বিষয়টি অত্যন্ত গোপন রাখেন। তিনি কেবল সরাসরি এবং তাঁর প্রিয় মানুষদের কাছেই নিজের অনুভূতি প্রকাশ করতে পছন্দ করেন। এর আগে তাঁর দীর্ঘদিনের এজেন্ট মিনো রাইওলার মৃত্যুর সময় হাসপাতালের বিছানার পাশে বসে থাকার পরও কিংবা মিলানের কিংবদন্তি প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনির প্রয়াণের পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বার্তা দেননি।
পার্থে অবস্থানরত মিলান দলও বারেসিকে স্মরণ করবে। ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে তারা কালো আর্মব্যান্ড পরবে এবং এক মিনিটের নীরবতা পালন করবে। পাশাপাশি স্টেডিয়ামের পর্দায় বারেসির গৌরবময় ক্যারিয়ারের ভিডিও প্রদর্শন করা হবে। এছাড়া গ্যালারিতে ক্লাবের চিরন্তন অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কোরিওগ্রাফির পরিকল্পনা করেছেন সমর্থকরা।

