রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ক্যাম্পাসে আয়োজিত এক প্রদর্শনীকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। এতে ছাত্রদলের সহ-সভাপতি আশিক এবং ছাত্রশিবির নেতা মেহেদীসহ অন্তত দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, শাখা ছাত্রশিবির সোমবার দিনব্যাপী 'ছাত্রশিবিরের জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে 'জুডিশিয়াল কিলিং' শিরোনামে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ কয়েকজন নেতার ছবি সম্বলিত ব্যানার ছিল। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে ব্যানারটি সরিয়ে ফেলার দাবি জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের মতো ঘটনা ঘটে। লাঠি দিয়ে আঘাতের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার পর ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা লোহা ও প্লাস্টিকের পাইপ এবং ইট-পাটকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সামছুল ইসলাম, দপ্তর সম্পাদক, আইন সম্পাদক রিফাত, সদর উপজেলার দপ্তর সম্পাদক আসিফ, পীরগঞ্জ ছাত্রশিবির সভাপতি, বেরোবির সাবেক সভাপতি জাকারিয়া হাসান, হোসেল রানা, কারমাইকেল কলেজ সভাপতি মাহমুদল হক এবং মহানগর ছাত্রশক্তির সংগঠক নাঈমসহ বহিরাগত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বেরোবির ছাত্রশিবির সভাপতি রাকিব মুরাদ অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। অন্যদিকে, ছাত্রদল সভাপতি ইয়ামিন জানান, তারা শান্তিপূর্ণভাবে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু কথা-কাটাকাটির জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী রাত ১১টার দিকে প্রধান ফটকের সামনে সাংবাদিকদের বলেন, ছাত্র রাজনীতি চালুর বিষয়ে ছাত্রশিবির ও ছাত্রদল আবেদন করেছিল, যার পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পেলেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, ক্যাম্পাসে কর্মসূচির অনুমতির জন্য তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আবেদন করেন এবং প্রতিনিধি সভায় তারা একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
দীর্ঘ দুই ঘণ্টা ওই এলাকায় কোনো পুলিশের উপস্থিতি দেখা না গেলেও রাত ১০টার দিকে তাজহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে ক্যাম্পাসে দেখা যায়। এছাড়া ঘটনার জেরে কুড়িগ্রাম-ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল এবং রাত সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০: ২৪আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০০: ২৫

