আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার সুজি বেটস দীর্ঘ ২০ বছর পর আবারও ওটাগোর হয়ে ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে ফিরেছেন। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার চলতি বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, যেখানে নিউজিল্যান্ড দল গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল।
বর্তমানে বেটস ইংল্যান্ডের নারীদের 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে সানরাইজার্স লিডসের কোচিং স্টাফের অংশ হিসেবে কাজ করছেন। সেখানে তিনি প্রধান কোচ আদি বিরেলের অধীনে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে নিউজিল্যান্ডের আসন্ন ঘরোয়া মৌসুমে তিনি ওটাগো স্পার্কসের হয়ে হ্যালিবার্টন জনস্টোন শিল্ড এবং ২০ ওভারের সুপার স্ম্যাশ—উভয় টুর্নামেন্টেই খেলার জন্য প্রস্তুত। ওটাগো ক্রিকেটের এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বেটস তার দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের এই প্রিয় দলের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন।
গত ২০২৫-২৬ ঘরোয়া মৌসুমে ফিল্ডিংয়ের সময় টেন্ডন ইনজুরিতে পড়ায় বেটস ওটাগোর হয়ে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলতে পেরেছিলেন এবং পরবর্তী সুপার স্ম্যাশ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিলেন। এর আগে ২০০৬ সালে তিনি সর্বশেষ ওটাগোর চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ছিলেন। মজার ব্যাপার হলো, ২০০৬ সালেই জন্ম নেওয়া উদীয়মান ব্যাটার অ্যাবি ফুকস এবারই প্রথমবারের মতো ওটাগোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
ওটাগো নারী দলের পাথওয়ে ম্যানেজার সারা সুকিগাওয়া এই চুক্তির বিষয়ে বলেন, বেটসের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য বড় সুযোগ। তিনি বলেন, অ্যাবি ফুকসের মতো একজন তরুণ ক্রিকেটারের জন্য সুজির মতো অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা দারুণ শিক্ষণীয় হবে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আরও কিছু পরিবর্তনের খবর পাওয়া গেছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার ক্লডিয়া গ্রিন ২৮ বছর বয়সে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এছাড়া, ২৫ বছর পূর্ণ হওয়ার কয়েক দিনের মাথায় পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জেম্মা সিমস। সিমস ২০২০-২১ মৌসুমে সেন্ট্রাল হিন্ডসের হয়ে অভিষেকের পর ২০২৩-২৪ মৌসুমে ওয়েলিংটন ব্লেজে যোগ দিয়েছিলেন।

