
ইউরোপজুড়ে যখন ডানপন্থি রাজনীতির প্রভাবে অভিবাসনবিরোধী কঠোর দৃষ্টিভঙ্গি জোরালো হচ্ছে, ঠিক সেই সময়ে একেবারেই বিপরীত ও উন্মুক্ত নীতি তুলে ধরছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবি করেছেন, স্পেনের অনুসৃত অভিবাসন নীতি শুধু সফল ও কার্যকরই নয়, বরং এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য একটি আদর্শ মডেল হতে পারে।
সম্প্রতি মাদ্রিদে স্পেনের রাষ্ট্রদূতদের এক সমাবেশে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “অভিবাসন আমাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে, সামাজিক নিরাপত্তা তহবিলকে স্থিতিশীল করেছে এবং শ্রমবাজারে কর্মক্ষম মানুষের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
অর্থনীতিতে অভিবাসীদের অবদান ৮০%
প্রধানমন্ত্রী সানচেজ জানান, গত ছয় বছরে স্পেনের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় ৮০ শতাংশই এসেছে অভিবাসীদের প্রত্যক্ষ অবদান থেকে। এ ছাড়া দেশের সামাজিক নিরাপত্তা খাতের মোট আয়ের ১০ শতাংশই যোগান দিচ্ছেন তারা। জন্মহার হ্রাস ও কর্মক্ষম জনসংখ্যা কমতে থাকায় ইউরোপজুড়ে যে তীব্র বার্ধক্যজনিত সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় সানচেজের সরকার আইনসম্মত অভিবাসনের পথ সহজ করার নীতি গ্রহণ করেছে।
অনিয়মিত অভিবাসন কমেছে ৪২.৬%
স্পেনের এই উদার অভিবাসন নীতির বিরুদ্ধে প্রধান বিরোধী ডানপন্থি দলগুলো অভিযোগ করে আসছিল যে, এমন পদক্ষেপ অবৈধ অভিবাসীদের আরও বেশি উৎসাহিত করছে, যাকে তারা ‘পুল ইফেক্ট’ (Pull Effect) বলছেন।
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে সানচেজ বলেন, “আমাদের মডেলটি বাস্তবে কাজ করছে; ‘পুল ইফেক্ট’ বলতে কিছু নেই।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি তথ্যও প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন দিচ্ছে। ২০২৫ সালে আগের বছরের তুলনায় স্পেনে অনিয়মিত অভিবাসন ৪২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৭৫ জনে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ আটলান্টিক রুট ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আফ্রিকা মহাদেশের উৎস দেশগুলোর সঙ্গে মানবপাচার প্রতিরোধ চুক্তি ও তথ্য আদান-প্রদান জোরদার করায় এই সাফল্য এসেছে বলে জানানো হয়।
ইউরোজোনে সেরা অর্থনৈতিক সাফল্য
ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেন ২০২১ সাল থেকে ইউরোজোনের গড় পারফরম্যান্সের চেয়ে ধারাবাহিকভাবে ভালো করে আসছে। ২০২৫ সালে স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯ শতাংশ, যা পুরো ইউরোজোনের প্রত্যাশিত গড় প্রবৃদ্ধির দ্বিগুণেরও বেশি। বিশ্লেষকদের মতে, বৈধ অভিবাসীদের দ্রুত শ্রমবাজারে যুক্ত করার মাধ্যমেই স্পেন এই ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
ডানপন্থি চাপে ইউরোপ যখন অভিবাসন প্রশ্নে দুই ভাগে বিভক্ত, তখন পেদ্রো সানচেজের এই মানবিক, বাস্তবসম্মত ও কার্যকর অর্থনৈতিক মডেল ইইউ-এর নীতিনির্ধারণী বিতর্কে এক নতুন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
