এসি মিলান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা আলজেরিয়ার আন্তর্জাতিক ফুটবলার ইসমায়েল বেনাসেরের সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করেছে। ক্লাবটির এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, ইসমায়েল বেনাসেরের চুক্তির অবসানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ক্লাব তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।
রোসোনেরিদের হয়ে বেনাসের সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৭৮টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১৩৭টি ছিল সিরি আ লিগের ম্যাচ। ২০২০-২১ মৌসুমে স্তেফানো পিওলির অধীনে এসি মিলানের লিগ শিরোপা জয়ের অভিযানে তিনি ছিলেন দলের মধ্যমাঠের অন্যতম নিয়মিত মুখ। সেই মৌসুমের শিরোপা জয়ে তিনি মোট ৩১টি লিগ ম্যাচে অংশ নিয়েছিলেন।
তবে ২০২২-২৩ মৌসুমের শেষদিকে হাঁটুর গুরুতর ইনজুরি তার সান সিরো ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কা হয়ে আসে। দীর্ঘ বিরতির পর তিনি ২০২৩ সালের ডিসেম্বরে মাঠে ফিরেছিলেন এবং ২০২৩-২৪ মৌসুমে সিরি আ-তে আরও ২০টি ম্যাচ খেলেন, যার বেশিরভাগই ছিল বদলি খেলোয়াড় হিসেবে।
পরবর্তী সময়ে ২০২৪-২৫ মৌসুমের মাঝামাঝি সময়ে তাকে ধারে মার্সেইতে খেলার অনুমতি দেওয়া হয়। এরপর ২০২৫-২৬ মৌসুমের জন্য তিনি ক্রোয়েশিয়ার শীর্ষ লিগের ক্লাব ডিনামো জাগরেবে ধারে যোগ দেন। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বেনাসের এখন কাতারের ক্লাব আল-ঘারাফায় যোগ দেওয়ার পথে রয়েছেন।

