যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য লরেন বোবার্টের ২১ বছর বয়সী ছেলে টাইলার বোবার্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এক শিশুকে যৌন নিপীড়নসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। গারফিল্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ইংরেজি নববর্ষের দিনে (১ জানুয়ারি) ঘটে যাওয়া একটি ঘটনার সূত্র ধরে এই তদন্ত শুরু হয়। তবে ঘটনার বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। টাইলার বোবার্ট বর্তমানে গারফিল্ড কাউন্টির নিউ ক্যাসল শহরে বসবাস করছেন। শেরিফের কার্যালয় ও ৯ম জুডিশিয়াল ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের যৌথ তদন্ত ও আইনি পর্যালোচনার পর গত রোববার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে গারফিল্ড কাউন্টি জেলে নেওয়া হয় এবং ওই দিনই ১০ হাজার ডলার মুচলেকায় (বন্ড) তিনি জামিনে মুক্তি পান। এই ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।
এটিই টাইলারের প্রথম গ্রেপ্তার নয়। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সম্পত্তি চুরি ও গাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগে আরেকটি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় পরিচয় চুরির চেষ্টার অপরাধ স্বীকার করার পর তাঁকে ৮০ ঘণ্টার সামাজিক সেবা (কমিউনিটি সার্ভিস), ১,২০০ ডলার প্রবেশন ফি এবং দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত বছরের সেপ্টেম্বরে মামলাটি পুনরায় চালু করা হয় এবং তাঁর আইনজীবী প্রবেশন বাতিলের আবেদন করেন। এই স্থগিত সাজার বিষয়ে আগামী ১৬ নভেম্বর একটি শুনানি হওয়ার কথা রয়েছে।
ছেলের গ্রেপ্তারের পর সোমবার বিকেলে একটি বিবৃতি দিয়েছেন কংগ্রেস সদস্য লরেন বোবার্ট। বিবৃতিতে তিনি বলেন, "আমি আমার ছেলেকে ভালোবাসি। আমরা এই অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করছি।"

