মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে জয়ী হতে যাচ্ছেন হাউজ স্পিকার লিসা ডেমুথ। সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, তিনি এই দলীয় প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী সিনেটর অ্যামি ক্লোবুচারের মুখোমুখি হবেন তিনি।
এর আগে চলতি বছরের শুরুতে মিনেসোটা অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টি ডেমুথের পরিবর্তে কেন্ডাল কোয়ালসকে সমর্থন দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে ডেমুথ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কনভেনশনের ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে টিকে থাকেন। প্রাইমারিতে ডেমুথের লিড বাড়তে থাকায় কোয়ালস নিজের পরাজয় স্বীকার করে নেন এবং রিপাবলিকান ভোটারদের সমর্থন পাওয়ায় ডেমুথকে অভিনন্দন জানান।
সিবিএস নিউজের পূর্বাভাসের পর মঙ্গলবার রাতে গণমাধ্যমকে ডেমুথ বলেন, মিনেসোটাকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যাওয়ার এটিই আমাদের জন্য বড় সুযোগ এবং তিনি এটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। মিনেসোটা আইনসভার শীর্ষ রিপাবলিকান নেতা হিসেবে দায়িত্ব পালনকালেই তিনি গভর্নরের নির্বাচনী প্রচারণা শুরু করেন। আইনসভা ও নির্বাচনী প্রচারণায় তিনি মূলত মিনেসোটার বহুল আলোচিত জালিয়াতি বা দুর্নীতির বিষয়টিকে সামনে এনেছেন। এই সংকটের জন্য বিদায়ী ডেমোক্র্যাটিক গভর্নর টিম ওয়ালজকে দায়ী করে ডেমুথ তাঁর প্রচারণামূলক ওয়েবসাইটে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি মিনেসোটার রাজ্য সরকারকে করদাতাদের অর্থের একটি নৈতিক ও দায়িত্বশীল অভিভাবক হিসেবে গড়ে তুলবেন।
সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ট্রাম্পপন্থী (MAGA) প্রার্থী মাইক লিন্ডেলের চেয়ে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত প্রাইমারিতে চমকপ্রদ জয় পান লিসা ডেমুথ। তাঁর রানিং মেট হিসেবে রয়েছেন আইনজীবী রায়ান উইলসন, যিনি ২০২২ সালে রাজ্য অডিটর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
ডেমুথ বলেন, ডেমুথ-উইলসন জুটি মিনেসোটার পরবর্তী প্রশাসন হিসেবে সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত। তারা করদাতাদের অর্থের মর্যাদা রক্ষা করবেন, চিরতরে জালিয়াতির অবসান ঘটাবেন, শিশুদের শিক্ষার মান উন্নত করবেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করবেন যাতে উদ্যোক্তাদের এ রাজ্য ছেড়ে চলে যেতে না হয়।
উল্লেখ্য, ২০০৬ সালে টিম পলেন্টি নির্বাচিত হওয়ার পর থেকে মিনেসোটায় আর কোনো রিপাবলিকান প্রার্থী গভর্নর পদে জয়ী হতে পারেননি।

