হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট চলতি আগস্ট মাসের শেষে তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। ২৮ বছর বয়সী লিভিট সম্প্রতি তার দ্বিতীয় সন্তানের জন্মের পর সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেছিলেন।
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিভিটকে তার অন্যতম "বিশ্বস্ত সহযোগী" হিসেবে বর্ণনা করেছেন এবং তার এই সিদ্ধান্তকে তিনি সম্পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা জানান বলে উল্লেখ করেছেন। ট্রাম্প জানান, ক্যারোলিন এখন থেকে তার অন্যতম শীর্ষ বহির্গত উপদেষ্টা (আউটসাইড অ্যাডভাইজার) হিসেবে কাজ করবেন এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ২০১৮ সাল থেকে এবং বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ক্যারোলিনের প্রতিশ্রুতির প্রশংসা করে ট্রাম্প তাকে "ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি" হিসেবে আখ্যায়িত করেন।
নিজের পদত্যাগের সিদ্ধান্তকে "মিষ্টি-মধুর" হিসেবে উল্লেখ করে ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গত মে মাসে তার মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে তিনি বুঝতে পেরেছেন যে প্রেস সেক্রেটারির মতো অত্যন্ত ব্যস্ত ও দায়িত্বপূর্ণ পদে থেকে দুই সন্তানকে পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মাতৃত্ব ও বিশ্বের অন্যতম কঠিন ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত ফলপ্রসূ হলেও এটি তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্পের অনুরোধে বাইরে থেকে তার শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন লিভিট।

