হলিউড পরিচালক রব রেইনার এবং তার স্ত্রী মিশেল রেইনারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তাদের ছেলে নিক রেইনারকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। গত বুধবার, ১২ আগস্ট লস অ্যাঞ্জেলেস কাউন্টির গ্র্যান্ড জুরি ৩২ বছর বয়সী নিকের বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ দাখিল করেছে। অভিযোগপত্রে একাধিক হত্যাকাণ্ড এবং পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থেকে হত্যার (lying in wait) মতো বিশেষ পরিস্থিতিগুলো উল্লেখ করা হয়েছে। আদালতে নিক রেইনার এই সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান জে. হকম্যান এক বিবৃতিতে জানান, এটি ছিল চরম বিশ্বাসঘাতকতার ঘটনা, যেখানে নিক যাদের দ্বারা ভালোবাসার পাত্র ছিলেন, তাদেরই হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন। হকম্যান আরও জানান, নিকের বিরুদ্ধে একটি ধারালো ছুরি ব্যবহারের অভিযোগও আনা হয়েছে। এই গ্র্যান্ড জুরি ইনডিক্টমেন্ট বা অভিযোগপত্রটি বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
গত ১৪ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে নিজেদের বাড়িতে রব রেইনার (৭৮) এবং মিশেল রেইনার (৭০) মৃত অবস্থায় পাওয়া যান। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, দম্পতির মৃত্যু হয়েছে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে। মৃত্যুর সনদে রব রেইনারের মৃত্যুর সময় বিকেল ৩টা ৪৫ মিনিট এবং মিশেল রেইনারের মৃত্যুর সময় বিকেল ৩টা ৪৬ মিনিট উল্লেখ করা হয়েছে।
এদিকে, কারাবন্দী থাকা অবস্থায় মামলার আইনি লড়াই চালিয়ে যাওয়া নিয়ে সংকটে রয়েছেন নিক। এর আগে তার আইনজীবী অ্যালান জ্যাকসন ব্যক্তিগত কারণে মামলা থেকে অব্যাহতি নেন। নিক রেইনার তার ট্রাস্ট ফান্ডের অর্থ পাওয়ার জন্য একটি আবেদন করেছিলেন, যাতে তিনি আইনি খরচ ও মৌলিক প্রয়োজন মেটাতে পারেন। তবে সেই আবেদনে তিনি জানিয়েছেন, ৩০ বছর বয়সে তার পাওয়ার কথা থাকলেও তিনি কোনো অর্থ পাননি। মামলাটির পরবর্তী শুনানি এ মাসের শেষের দিকে এবং হত্যা মামলার পরবর্তী তারিখ সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে।

