মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার সকালে একটি স্বর্ণের খনি ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছেন। নানা-মামবেরে প্রিফেকচারের আবা অঞ্চলে অবস্থিত খনিটি ছিল একটি ছোট আকারের বা আর্টিজানাল খনি।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে খনির ভেতর থেকে ৩০টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খনি থেকে জীবিত উদ্ধার হওয়া ফ্লোরিয়ান গাগুয়েনদে জানিয়েছেন, এখনো কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। তবে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় সাব-প্রিফেকচারের ডেপুটি মেয়র সুলেইমান বি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, যারা নিজেদের চেষ্টায় বের হতে পারছেন না, তাদের উদ্ধারে তিনি বিভিন্ন সংস্থা ও সকল শুভানুধ্যায়ী মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, উদ্ধারকাজ চলছে বিশৃঙ্খলভাবে। কাদা মাখা শ্রমিকরা খনির ভেতর থেকে মরদেহ বের করছেন, আর চারপাশে শত শত মানুষ সাহায্যের জন্য চিৎকার করছেন।
সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার ভুক্তভোগীদের ত্রাণ ও সহায়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এ ধরনের খনি ধসের ঘটনা নিয়মিতই ঘটে। দেশটিতে কয়েক হাজার মানুষ ছোট পরিসরে স্বর্ণ উত্তোলনের কাজ করেন। খনিগুলোতে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

