প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় পর্যায়ের জনসমর্থন রেকর্ড পরিমাণ নিচে নেমে যাওয়ার মধ্যে নতুন এক তথ্য সামনে এসেছে। দ্য ইকোনমিস্ট এবং ইউগভ-এর সাম্প্রতিক এক প্রক্ষেপণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৭টিতে এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় প্রেসিডেন্টের কাজের প্রতি মানুষের অসমর্থন তার সমর্থনের চেয়ে বেশি।
জরিপ অনুযায়ী, মাত্র তিনটি অঙ্গরাজ্যে ট্রাম্পের কাজের প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন রয়েছে। এই অঙ্গরাজ্যগুলো হলো ওয়াইওমিং (+১৪), আইডাহো (+৯) এবং ওয়েস্ট ভার্জিনিয়া (+৬)। লক্ষণীয় যে, ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই তিনটি অঙ্গরাজ্যই ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিল।
অন্যদিকে, ট্রাম্পের প্রতি সবচেয়ে বেশি নেতিবাচক মনোভাব দেখা গেছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায়, যেখানে তার নেট রেটিং -৮৩। এরপরই রয়েছে মেরিল্যান্ড এবং ভার্মন্ট, উভয় অঙ্গরাজ্যেই তার রেটিং -৫০। এই তিনটি অঞ্চলই ঐতিহাসিকভাবে ডেমোক্রেটিক দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং ২০২৪ সালের নির্বাচনে তারা কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছিল। ২১ আগস্ট শুক্রবার ইউএসএ টুডের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের কাছে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
দেশব্যাপী বিভিন্ন জনমত জরিপেও ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে রয়েছে। ১৭ আগস্ট প্রকাশিত রয়টার্স/ইপসসের জরিপ অনুযায়ী, মাত্র প্রতি তিনজন আমেরিকানের মধ্যে একজন প্রেসিডেন্টের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটিই তার সর্বনিম্ন জনসমর্থনের হার।
ট্রাম্পের এই নিম্নমুখী জনপ্রিয়তার পেছনে ইরানের সাথে চলমান সংঘাত নিয়ে আমেরিকানদের উদ্বেগের বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। একই জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ আমেরিকান মনে করেন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই সংঘাত দীর্ঘস্থায়ী হবে। এই উদ্বেগের মধ্যে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকান ভোটার রয়েছেন। যদিও বিভিন্ন জরিপে কিছুটা তারতম্য থাকে, তবে সামগ্রিক গড় হিসেবে ট্রাম্পের জনসমর্থন এখন নেতিবাচক অবস্থানেই রয়েছে।
