বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য এখন থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো ধরনের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ বিষয়ে একটি কঠোর পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা এবং মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখাও এই পদক্ষেপের অন্যতম প্রধান উদ্দেশ্য।
নতুন এই বিধিনিষেধ অনুযায়ী, কোনো বিচারক বাণিজ্যিক উদ্দেশ্যে নিজের নাম, পদবি, ছবি কিংবা পরিচয় সরাসরি বা অনলাইন প্ল্যাটফর্মে কোচিংয়ের প্রচারের জন্য ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে, বিচারিক দায়িত্ব পালনের সময় প্রাপ্ত কোনো গোপনীয়, দাপ্তরিক বা অপ্রকাশিত তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ বা সরবরাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, কোচিংয়ের জন্য কোনো শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিদ্যমান শৃঙ্খলাসংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

