চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। মঙ্গলবার তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ১৫(১) ধারা অনুযায়ী তার এই নিয়োগ কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, এবং আয়-ব্যয়ের হিসাব রক্ষণাবেক্ষণসহ আইন ও বিধি অনুযায়ী অর্পিত দায়িত্বগুলো পালন করবেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাপক জসিম উদ্দিনের যোগদানের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। তার অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া তার দায়িত্ব পালন বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

