বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে (জিএমটি ১৮:৩০) রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে ভিয়াচা এলাকার ওই সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটে।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানিয়েছেন, বিস্ফোরণের সময় সেখানে একটি আর্টিলারি রেজিমেন্ট অবস্থান করছিল। প্রাথমিক তথ্যানুযায়ী, ঘাঁটিতে থাকা পাইরোটেকনিক সামগ্রী বিস্ফোরিত হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮১ জন আহত হয়েছেন এবং সাতজন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিটা নেব্রাস্কা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় মৃতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের তীব্রতায় সামরিক ঘাঁটির আশেপাশের ডজনখানেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় কর্তৃপক্ষ আরও বিস্ফোরণের ঝুঁকির কথা সতর্ক করে সাধারণ মানুষকে সামরিক ঘাঁটির অন্তত ১৫০ মিটার দূর থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
প্রেসিডেন্ট রদ্রিগো পাজ নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ঘটনার কারণ উদঘাটনে একটি স্বচ্ছ ও কারিগরি তদন্ত পরিচালনা করা হবে। পুলিশের মুখপাত্র রজার রোকা জানিয়েছেন, ঘাঁটিতে আতশবাজি মজুত ছিল এবং বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও তদন্তাধীন। ভিয়াচা কর্তৃপক্ষ এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে।

