পাকিস্তানের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, মার্কিন ডাক বিভাগের (ইউএসপিএস) সাথে ১২৬ মিলিয়ন ডলারের বেশি জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার লাহোর থেকে ৩৩ বছর বয়সী ফাহিম আকরামকে আটক করা হয়। ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির জ্যেষ্ঠ কর্মকর্তা আতিফ আমির জানিয়েছেন, দেশজুড়ে কয়েক সপ্তাহ ধরে চালানো অভিযানের পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পাঞ্জাব প্রদেশের খানেওয়ালের বাসিন্দা আকরামের বিরুদ্ধে ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল গ্র্যান্ড জুরিতে অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের ২৮ সেপ্টেম্বরের বিবৃতি অনুযায়ী, আকরাম 'LabelsBank.com' নামক একটি অননুমোদিত ওয়েবসাইট পরিচালনা করতেন। এই সাইটের মাধ্যমে ৫ হাজার ২০০ জনেরও বেশি গ্রাহকের কাছে প্রায় ৫১ লাখ ভুয়া পোস্টাল লেবেল বিক্রি করা হয়েছে। প্যাকেজের ওজন বা গন্তব্য নির্বিশেষে প্রতিটি লেবেলের দাম সাধারণত ২ ডলার নির্ধারণ করা হতো।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই ভুয়া লেবেল ব্যবহারের ফলে গ্রাহকরা অনেক কম খরচে পণ্য শিপিংয়ের সুযোগ পেতেন, যার ফলে ডাক বিভাগ বিপুল পরিমাণ রাজস্ব ও শিপিং খরচ হারিয়েছে। ১২৬ মিলিয়ন ডলারের এই অংকটি ডাক বিভাগের মোট ক্ষতির অনুমান, যা ওয়েবসাইটটির মোট আয়ের চেয়ে অনেক বেশি।
তদন্তকারী কর্মকর্তা আতিফ আমির জানান, আকরাম ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটটি পরিচালনা করেছেন। ব্যবসায়িক লেনদেনের জন্য তিনি নিজের, তার ভাই, স্ত্রী, বোন এবং ফুফুর নামে মোট ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। তবে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে নাকি পাকিস্তানেই বিচার করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

