ইতালিয়ান ক্লাব লেচ্চের সাথে চুক্তি থাকা সত্ত্বেও প্রাক-মৌসুম অনুশীলনে যোগ না দিয়ে চার সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জাম্বিয়ান উইঙ্গার লামেক বান্দা। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি হিসেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) দ্বারস্থ হয়েছে সিরি এ-র ক্লাবটি। একই সাথে জাম্বিয়া ও লিবিয়ার ফুটবল ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।
ইতালিয়ান সংবাদমাধ্যম 'গাজেত্তা দেল্লো স্পোর্ত'-এর প্রতিবেদন অনুযায়ী, লেচ্চের সাথে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে বান্দার। কিন্তু গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে চার সপ্তাহ আগে ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার কথা থাকলেও তিনি ইতালিতে ফেরেননি। এমনকি ক্লাবের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরছেন না এবং সব ধরনের যোগাযোগ প্রত্যাখ্যান করছেন।
এর মধ্যেই ঘটনাটি নতুন মোড় নিয়েছে। কায়রোতে লিবিয়ান ক্লাব আল সুইহলি এসসির অনুশীলন ক্যাম্পে বান্দাকে দেখা গেছে বলে খবর চাউর হয়েছে। ক্যাফ (CAF) চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া এই লিবিয়ান ক্লাবটি জাম্বিয়ার এই আন্তর্জাতিক তারকাকে প্রতি মৌসুমে ১৬ লাখ ইউরো বেতনে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।
লেচ্চে অবশ্য বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। এর আগে ক্লাবটি একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বান্দাকে তাঁর এই আচরণের জন্য পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিল, তবে তাতে কোনো কাজ হয়নি। অন্যদিকে বান্দার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, লেচ্চের সাথে চুক্তি সই করার সময় তিনি জানতেন না যে চুক্তিতে ২০২৬ সালের জুনের পর ক্লাবের পক্ষ থেকে একতরফাভাবে মেয়াদ বাড়ানোর সুযোগ (unilateral option) ছিল, যা ক্লাবটি পরবর্তীতে কার্যকর করেছে।

