নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই আরব আমিরাতের বোলারদের তোপের মুখে পড়ে তারা। মাত্র ৫৫ রানেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৬ উইকেট। আরব আমিরাতের বোলার সুরক্ষা কোটতে ১১ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান। এছাড়া ইন্দুজা নন্দকুমার শিকার করেন দুই উইকেট।
এমন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দলের হাল ধরেন শারমিন আক্তার ও নাহিদা আক্তার। তাদের ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি বাংলাদেশকে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। শারমিন ৩১ বলে তিনটি চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন এবং নাহিদা ২৬ বলে অপরাজিত ১৬ রান সংগ্রহ করেন। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১০৩ রান।
১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে আরব আমিরাত। মারুফা আক্তার ইনিংসের শুরুতেই আঘাত হানেন। এরপর স্পিনাররা আরব আমিরাতের ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেন। নাহিদা আক্তার ১৮ রানে দুই উইকেট শিকার করেন। এছাড়া রাবেয়া খান ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেটে মাত্র ৬৯ রান তুলতে সক্ষম হয় আরব আমিরাত।
এই জয়ের ফলে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

