ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অ্যামাজন নদীর মোহনার কাছে তেল আবিষ্কারের খবরকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসের এই আবিষ্কারকে তিনি দেশের ভবিষ্যতের জন্য একটি 'পাসপোর্ট' হিসেবে অভিহিত করেছেন।
এই তেল ক্ষেত্রটি অ্যামাজন উপকূল থেকে প্রায় ১৭৫ কিলোমিটার (১১০ মাইল) দূরে সমুদ্রে আবিষ্কৃত হয়েছে। তবে এই তেল ক্ষেত্রের আয়তন কত বড় বা ২,৮৮৬ মিটার (৯,৪৬৯ ফুট) গভীরতায় থাকা এই তেল উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
লুলা যখন অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার জন্য প্রচার চালাচ্ছেন, ঠিক সেই সময়েই এই ঘোষণা এল। তিনি দাবি করেছেন, জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি থেকে তিনি সরছেন না। বরং তার মতে, তেল থেকে প্রাপ্ত রাজস্ব ব্রাজিলের নবায়নযোগ্য জ্বালানি খাতের রূপান্তরে সহায়তা করবে। লুলা বলেন, 'আমি জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা শেষ হওয়ার লড়াই থেকে সরে আসিনি, কারণ ব্রাজিল বায়োফুয়েল উদ্ভাবন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে থাকবে।'
এই এলাকায় অনুসন্ধানমূলক ড্রিলিংয়ের সিদ্ধান্তের জন্য পরিবেশবাদীদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট লুলা। পরিবেশবাদীদের আশঙ্কা, ওই এলাকায় তেল ছিটকে পড়লে তা জীববৈচিত্র্যপূর্ণ বাস্তুসংস্থান, প্রবাল প্রাচীর এবং উপকূলীয় জলাভূমিকে ধ্বংস করতে পারে। তবে লুলা এই সমালোচনাকে 'বিদেশি হস্তক্ষেপ' হিসেবে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, 'এটি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। যে দেশের কাছে এই মানের তেল আছে, তারা বাইরের কাউকে নাক গলাতে দেবে না।'
পেট্রোব্রাসের প্রধান নির্বাহী ম্যাগদা চামব্রিয়ার্ড বলেছেন, এই আবিষ্কার প্রমাণ করে যে ব্রাজিলের ইকুয়াটোরিয়াল মার্জিন এলাকায় তেল পাওয়ার বিষয়ে কোম্পানির যে আশাবাদ ছিল, তা সঠিক ছিল। তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত বছরের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ (COP30) জলবায়ু সম্মেলনের কয়েক সপ্তাহ আগে এই ড্রিলিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি পরিবেশবাদীদের ক্ষুব্ধ করেছিল। তবে লুলা সোমবার বলেন, তিনি দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ইউরোপের সমালোচনার তোয়াক্কা করেননি। এদিকে, তেল পাওয়ার আশায় আমাপা অঙ্গরাজ্যের ওইয়াটপোক শহরে নতুন করে মানুষের ভিড় বাড়ছে, যা স্থানীয় অর্থনীতির জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

